১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুরুর ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন বেলজিয়াম কোচ

গ্রুপ সেরা হতে আফ্রিকার সেরা দলগুলোর একটি মিশরের বিপক্ষে জয় চান রুদি গার্সিয়া।

শুরুর ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন বেলজিয়াম কোচ
বেলজিয়ামের কোচ রুদি গার্সিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 07:29 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

জয় দিয়ে আসর শুরুর দিকে তাকিয়ে আছেন বেলজিয়াম কোচ রুদি গার্সিয়া। একই সঙ্গে ‘আফ্রিকার সবসময়ের সেরা দলগুলোর একটি মিশরের’ শক্তি নিয়ে দলকে সাবধানও করে দিয়েছেন তিনি। 

সিয়াটলে সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দুই দল বেলজিয়াম ও মিশর। গ্রুপের অন্য দুই দল ইরান ও নিউ জিল‍্যান্ড শক্তির তুলনায় বেশ পিছিয়ে।

বেলজিয়াম ও মিশরের ক‍্যাম্প সিয়াটলে। এর কাছেই এই গ্রুপের সেরা দলের শেষ ৩২ ও সম্ভবত শেষ ১৬ পর্বের ম্যাচ খেলার সুযোগ মিলতে পারে। তাই গ্রুপ সেরা হওয়ার দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন গার্সিয়া। 

“আমরা নিজেদের শক্তির জায়গায় মনোযোগ দেব। আমরা মূল ভূমিকায় থাকতে চাইব। আগামীকাল আমাদের এমনভাবে সবটুকু দিতে হবে, যেন এটা একটা ফাইনাল।”

মোহামেদ সালাহ, ওমার মার্মুশদের নিয়ে গড়া মিশর দল সম্পর্কে গার্সিয়ার ধারণা উঁচু। দলটিকে তিনি বর্ণনা করেছেন, আফ্রিকার সবসময়ের সেরা দলের একটি হিসেবে। তবে, খুব কঠিন পরীক্ষা হলেও জয়ের আশায় আছেন তিনি। 

“সব দলেরই দুর্বলতা থাকে… আগামীকাল আমরা দেখব তাদের ওই দুর্বলতা কাজে লাগাতে পারি কি না।”

“আমরা ধাপে ধাপে এগোতে চাই- গ্রুপ পর্ব পেরিয়ে যেতে চাই, এবং আমরা সেটা চাই শীর্ষে থেকে।”

এজন্য সিয়াটলের গরমও সামলাতে হবে বেলজিয়ামের খেলোয়াড়দের। পানি পানের বিরতি এক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে। এই বিরতির বাড়তি সুবিধা দেখছেন গার্সিয়া।

“আমার জন‍্য এটা পানি পানের বিরতির চেয়ে বেশি হলো কোচিং বিরতি, তাই আমার জন‍্য এটা খুব গুরুত্বপূর্ণ।”  

বেলজিয়ামের অধিনায়ক হিসেবে বড় কোনো টুর্নামেন্টে এই ম‍্যাচ দিয়েই অভিষেক হবে ইউরি টিলেমান্সের। ম‍্যাচটির জন‍্য উন্মুখ হয়ে আছেন তিনি।

“আমি বলতে পারি, প্রতি (টুর্নামেন্টেই) প্রথম ম‍্যাচ খুব স্নায়ু চাপের… ভালো শুরু পাওয়াটা নির্ভর করবে আমাদের উপর। মাঠে নামতে হবে, কোনো আক্ষেপ নয়, এরপর যেকোনো কিছু ঘটতে পারে।”