Published : 05 Jun 2026, 02:24 PM
বিশ্বকাপ অভিযান শুরুর আগে এক ধরনের সতর্কবার্তাই পেল স্পেন। বিশ্বকাপের শীর্ষ ফেভারিটের কাতারে থাকা দলটি জিততে পারল না ইরাকের সঙ্গে। তার পরও বেশ স্বস্তি পাচ্ছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। কোনো চোটাঘাত ছাড়াই যে ম্যাচটি শেষ করা গেছে!
প্রস্তুতি ম্যাচটিতে শুক্রবার ৬৩ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখলেও আক্রমণে খুব বেশি ধার ছিল না স্পেনের। ষোড়শ মিনিটে ফেররান তরেসের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে মিনিট দশেক পরই সমতা ফেরায় ইরাক। এরপর আর গোল হয়নি।
ইউরো চ্যাম্পিয়ন ও ফিফা র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা দলকে রুখে দেওয়াটা বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বাড়াবে র্যাঙ্কিংয়ের ৫৬ নম্বরে থাকা ইরাকের।
চোটে পড়া লামিনে ইয়ামাল ছাড়াও এই ম্যাচে স্পেন কোচ মাঠে নামাননি নিকো উইলিয়ামস, দাভিদ রায়া, প্রেদ্রি, রদ্রিসহ নিয়িমত দলের বেশ কজনকে।
“আজকের দিনটা ছিল স্রেফ বিশ্বকাপের আবেশ গায়ে মাখানোর আর অন্য ফুটবলারদের সুযোগ দেওয়ার। কোনো চোট সমস্যা হয়নি, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
“এখন আমরা নতুন পর্যায়ে প্রবেশ করছি, যেখানে তীব্রতা থাকবে আরও বেশি এবং আরও বেশি ফুটবলারের ভূমিকা প্রয়োজন হবে। আগামীকাল আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি, এবং এটি আমাদের মনোযোগকে ঠিক সেখানেই নিয়ে যাচ্ছে, যেখানে থাকা দরকার।"
এই ম্যাচ দিয়ে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছেন স্পেনের বেশ কজন ফুটবলার। কোচ বললেন, এই সুযোগটি তাদের প্রাপ্যই ছিল।
“তারা সবাই এই সুযোগ আদায় করে নিয়েছে। এই ম্যাচটি আমাদেরকে সেই সব খেলোয়াড়দের অভিষেক করানোর সুযোগ করে দিয়েছে, যাদের এটি প্রাপ্য ছিল। তারা আমাদেরকে অনেক সহায়তা করেছে।”
“তারা ভবিষ্যতের ফুটবলার এবং দ্রুতই তাদেরকে আমরা মূল দলে দেখতে পাব। এই ম্যাচ দিয়ে আরও একটি লক্ষ্য পূরণ হলো।”
স্পেন বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৫ জুন, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দ। সেই ম্যাচের আগে তাদের মূল ভাবনার জায়গা, ইয়ামালের ফিট হয়ে ওঠা। কোচ অবশ্য তাকে শুরু থেকেই পেতে আশাবাদী।
“পরিকল্পনা অনুযায়ীই কাজ করার কথা আমাদের এবং সেই সময়সূচীই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে যে, সে ১৫ তারিখের মধ্যে প্রস্তুত হয়ে উঠতে পারবে।”
“এমনিতে সবকিছু খুব ভালোভাবেই চলছে, কিন্তু এমন একটা দিন আসতে পারে, যখন আমাদের কোনো কিছু স্থগিত রাখতে হতে পারে।”
বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। বাংলাদেশ সময় ৯ জুন সকালে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ পেরু।