১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাম্প নউয়ে নতুন মুখ জেসুসের কাছে কোচের প্রত্যাশা অনেক

শেষ মুহূর্তে হঠাৎ করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় বেশ অবাক বার্সেলোনা কোচ।

কাম্প নউয়ে নতুন মুখ জেসুসের কাছে কোচের প্রত্যাশা অনেক
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 04:45 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

আর্সেনাল ছেড়ে গাব্রিয়েল জেসুসের বার্সেলোনায় যোগ দেওয়ার প্রক্রিয়ার সবকিছু যেন হঠাৎ করেই ঘটে গেল। চুক্তির আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন না হলেও, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাম্প নউ শিবিরে যোগ দেওয়াটা এখন নিশ্চিত।

লা লিগায় সোমবার ঘরের মাঠে রায়ো ভাইয়েকানোকে ৫-২ গোলে হারায় বার্সেলোনা। কাম্প নউয়ে বসে ম্যাচটি দেখেন জেসুস। 

চলতি গ্রীষ্মের দলবদল শেষ হবে মঙ্গলবার। দিনের বাকি সময়ের মধ্যেই বার্সেলোনা জেসুসের সঙ্গে চুক্তি সেরে ফেলবে বলে আশা করা হচ্ছে।

ম্যাচ শেষে ডিএজেডএনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ফ্লিক এবং ওই সংক্ষিপ্ত কথার মাঝেই সেটা চূড়ান্ত হয়ে যায়। জেসুসের সামর্থ্যে কোচের বিশ্বাসও অনেক।

“আমার কাছে গাব্রিয়েল জেসুস শীর্ষ মানের স্ট্রাইকার। তাকে এখানে পেয়ে আমি খুব খুশি। সে আমাদের অনেক কিছু দিতে পারে।” 

অনেক দিন ধরেই ফ্লিক দলে একজন মূল স্ট্রাইকারের প্রয়োজনের কথা বলছিলেন। তাদের প্রথম লক্ষ্য ছিল হুলিয়ান আলভারেসকে দলে আনা। কিন্তু আতলেতিকো মাদ্রিদ রাজি না হওয়ায়, জেসুসের প্রতি নজর দেয় কাতালান ক্লাবটি। 

সংবাদ সম্মেলনেও জেসুসের উচ্ছ্বসিত প্রশংসা করেন এই জার্মান কোচ। এই ফরোয়ার্ডের দল বদল নিয়ে একদম হঠাৎ করে সবকিছু হয়ে যাওয়ায় বেশ অবাকও তিনি। 

“এভাবে তাকে পাওয়ার সুযোগ পেয়েছি আমরা, তাতে আমি কিছুটা অবাকও। তাকে আমি বেশ পছন্দ করি। তার ফুটবল খেলার ধরণ আমার ভালো লাগে, আমাদের ধরনের সঙ্গে মানানসইও। আমি মনে করি, ম্যাচে সে আমাদের অনেক সাহায্য করতে পারবে।”

ম্যানচেস্টার সিটি থেকে ২০২২ সালে আর্সেনালে যোগ দিয়ে দলটির হয়ে ১২৩ ম্যাচ খেলে ৩২টি গোল ও ২২টি অ্যাসিস্ট করেছেন জেসুস। লন্ডনের ক্লাবটির হয়ে গত মৌসুমে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা।