১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩ লাল কার্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে নাপোলির জয়

ত্রিমুখী শিরোপা লড়াইয়ে এসি মিলানের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনল নাপোলি।

৩ লাল কার্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে নাপোলির জয়
সংঘর্ষে জড়িয়ে পড়েন লাৎসিওর আদাম মারুসিচ ও নাপোলির পাসকুয়ালে মাৎজক্কি। তাদের আলাদা করেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 09:44 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

মাঠে কয়েক দফায় সংঘর্ষে জড়ালেন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচের শেষ দিকে তা যেন পেল চূড়ান্ত মাত্রা। যেখানে কোচকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো। সব মিলিয়ে গোটা ম্যাচে লাল কার্ড দেখলেন তিন খেলোয়াড়। উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে এসি মিলানের সঙ্গে ব্যবধান কমাল নাপোলি।

সেরি আয় রোববার লাৎসিওকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে আন্তোনিও কন্তের দল।

এই জয়ে শীর্ষে থাকা মিলানের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনল নাপোলি। ১৭ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে শিরোপাধারীদের ৩৭ পয়েন্ট। সমান ম্যাচে মিলানের পয়েন্ট ৩৮।

১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইন্টার মিলান, দিনের শেষ ম্যাচে বোলোনিয়াকে হারাতে পারলে শীর্ষে উঠবে তারা।

এই জয়ে পয়েন্ট টেবিলে আপাতত দুই নম্বরে উঠল নাপোলি। ছবি: রয়টার্স

এই জয়ে পয়েন্ট টেবিলে আপাতত দুই নম্বরে উঠল নাপোলি

কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু, বিলি গিলমোরসহ নাপোলির বেশ কয়েকজন খেলোয়াড় চোটের কারণে বাইরে আছেন। 

ত্রয়োদশ মিনিটে লিওনার্দো স্পিনাস্সোলার গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমির রহমানি।

৬৯তম মিনিটে নাপোলির চোট দুর্ভাবনা আরও বাড়ে। বাজেভাবে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেস। ওই ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নাপোলির রহমানি ও লাৎসিওর টিজানি নসলিন।

৮১তম মিনিটে আলেসান্দ্রোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ ফরোয়ার্ড নসলিন।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে লাৎসিওর আদাম মারুসিচকে ফাউল করেন নাপোলির পাসকুয়ালে মাৎজক্কি। এরপর উত্তপ্ত বাক্য বিনিময় ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। কন্তে এগিয়ে এসে আলাদা করেন দুজনকে। ছুটে আসেন অন্যরাও। পরে দুই খেলোয়াড়কেই লাল কার্ড দেখান রেফারি।