১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হলান্ডের গোলে ম্যানচেস্টার সিটির তিনে তিন

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তিন জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল এন্টসো মারেস্কার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 12:21 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

নবাগত কভেন্ট্রি সিটির বিপক্ষে পুরোটা সময় আধিপত্য করেও গোলমুখে ভুগতে হলো ম্যানচেস্টার সিটিকে। তবে আর্লিং হলান্ডের নৈপুণ্যে ঠিকই জয়ের ধারা ধরে রাখাল এন্টসো মারেস্কার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন হলান্ড।

শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল দলটি।

ম্যাচের শুরুতেই গড়বড় করতে বসেছিলেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। সতীর্থের ব্যাকপাস আয়েসী ভঙ্গিতে পায়ে নিতে গিয়ে বেশ সময় নেন তিনি, তাতে বল প্রায় গোললাইন পেরিয়েই গিয়েছিল, একেবারে শেষ মুহূর্তে ক্লিয়ার করেন দোন্নারুম্মা।

দুই মিনিট পর আবার বিপদে পড়তে যাচ্ছিল স্বাগতিকরা। অ্যান্টোয়ান সেমেনিওর ভুলে বল পেয়ে দ্রুত এগিয়ে যান টাইয়ো আয়োনিয়ি, সামনে তখন একমাত্র বাধা দোন্নারুম্মা; কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি নাইজেরিয়ার স্ট্রাইকার।

ষোড়শ মিনিটে আর্লিং হলান্ডের একটি প্রচেষ্টা কভেন্ট্রি গোলরক্ষক রুখে দেওয়ার সাত মিনিট পর, দুর্ভাগ্যও বাধা হয়ে দাঁড়ায় সিটির সামনে। ডি-বক্সে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মাঝ দিয়ে ফরাসি উইঙ্গার রায়ান শের্কির শট পোস্টে লাগে।

গোলের অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি তাদের। হলান্ডের নৈপুণ্যে ২৬তম মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিকের বাইলাইন থেকে সেমেনিওর দারুণ ক্রসে জোরাল হেডে গোলটি করেন নরওয়ে তারকা।

৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়ে যান হলান্ড। সতীর্থের পাস ধরে দ্রুততায় ডি-বক্সে ঢুকে একজনের ট্যাকল সামলে শট নেন আগের ম্যাচে জোড়া গোল করা এই তারকা, কিন্তু গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।

সিটির জার্সিতে প্রথম খেলতে নামা এন্সো ফের্নান্দেসের পাস পেয়ে ফের জালে বল পাঠান হলান্ড। তবে আর্জেন্টাইন মিডফিল্ডার অফসাইডে থাকায় ব্যবধান বাড়েনি।

৭৮তম মিনিটে ফিল ফোডেনের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে কভেন্ট্রিকে লড়াইয়ে রাখেন ডিফেন্ডার ববি টমাস। দুই মিনিট পর তাদের ফরোয়ার্ড এলিস সিমসের শট আটকে সিটিকে জয়ের পথে রাখেন দোন্নারুম্মা।

প্রিমিয়ার লিগে এসে এখনও কোনো পয়েন্ট পায়নি কভেন্ট্রি। তিন ম্যাচ খেলে হারল তিনটিতেই।