Published : 25 Aug 2026, 06:15 PM
সাভিনিয়োকে দলে টানতে ম্যানচেস্টার সিটির সঙ্গে টটেনহ্যাম হটস্পারের সমঝোতায় পৌঁছানোর গুঞ্জন আগেই বেশ জোরেশোরে শোনা যায়। এবার এলো পাকা খবর। সাড়ে সাত কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে নতুন ঠিকানায় যোগ দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির কথা মঙ্গলবার জানিয়েছে লন্ডনের ক্লাবটি। যদিও চুক্তির মেয়াদ সম্পর্কে জানানো হয়নি।
বিবিসির খবর, চুক্তি অনুযায়ী বিভিন্ন বোনাস বাবদ ভবিষ্যতে আরও এক কোটি পাউন্ড খরচ হতে পারে টটেনহ্যামের।
সাভিনিয়োকে গত গ্রীষ্মেই পেতে আগ্রহী ছিল টটেনহ্যাম; কিন্তু তখন তিনি সিটিতেই থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। যদিও গত মৌসুমে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে মাত্র সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান এই ফুটবলার। বদলে যাওয়া প্রেক্ষাপটে এবার সিদ্ধান্ত বদলে ফেললেন সাভিনিয়ো, নিলেন নতুন চ্যালেঞ্জ।
২০২৪ সালে সিটিতে যোগ দিয়ে দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলে সাতটি গোল ও ১৬টি অ্যাসিস্ট করেন সাভিনিয়ো। ব্যক্তিগতভাবে হতাশার মৌসুম কাটানোর পর, নতুন দলে এসে খুব খুশি তিনি।
“(প্রক্রিয়াটা শেষ হতে) বেশ সময় লেগে গেল, তবে এখানে এসে আমি খুব খুশি। দারুণ একটি ক্লাবে বিশ্বের সেরা কোচদের একজনের (রবের্তো দে জের্বি) সঙ্গে কাজ করতে পারা চমৎকার একটা সুযোগ।
“এখানকার প্রধান কোচের সঙ্গে কথা বলা মাত্রই আমি বুঝে যাই যে, এখানে আমার আসতে হবে। তিনি বলেন যে, আমার সেরা পর্যায়ে পৌঁছাতে তিনি সাহায্য করতে চান, এবং আমার বিশ্বাস, আমরা একত্রে সেটা করতে পারব, একটা দল হিসেবে।”
গত দুটি মৌসুম ভীষণ বাজে কেটেছে টটেনহ্যামের। বিশেষ করে প্রিমিয়ার লিগে; দুই মৌসুমেই অবনমনের অঞ্চলের ঠিক বাইরে থেকে আসর শেষ করে তারা। গত মৌসুমে তো ১৮ নম্বর দলের চেয়ে মাত্র ২ পয়েন্ট বেশি নিয়ে টিকে যায় দলটি।
সেই সব হতাশা মুছে আবারও শীর্ষ চারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দল পুনর্গঠন করছে লন্ডনের ক্লাবটি। ১৮ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করে আগেই ওয়েস্ট হ্যাম থেকে মিডফিল্ডার মাতেউস ফের্নান্দেস ও নিউক্যাসল ইউনাইটেড থেকে মিডফিল্ডার সান্দ্রো তোনালিকে চুক্তিভূক্ত করেছে টটেনহ্যাম।
এবার তাদের সঙ্গে যোগ হলেন সাভিনিয়ো।
গ্রীষ্মের দলবদলে এখনও এক সপ্তাহের মতো বাকি। টটেনহ্যাম আরও কয়েকজন খেলোয়াড়ের ওপর নজর রেখেছে বলে খবর বিবিসির। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি লিখেছে, সম্ভব হলে সাভিনিয়োর সিটি সতীর্থ ওমার মার্মুশকেও কিনতে চায় ক্লাবটি।