Published : 05 Jun 2026, 01:50 PM
এই ম্যাচে নেইমারের না খেলা নিশ্চিতই ছিল। এবার জানা গেল, দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না তিনি। বরং নিউ জার্সিতে থেকেই মাঠে ফেরার লড়াই চালিয়ে যাবেন এই তারকা।
বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ ম্যাচ এটি। বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় এই ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বিবৃতিতে জানায়, পায়ের মাংসপেশির চোটের নিবিড় চিকিৎসা চলতে থাকবে তার।
“দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না নেইমার। সে নিউ জার্সিতেই থাকবে, তার ফিজিওথেরাপি চলবে ও শারীরিকভাবে সেরে ওঠার প্রক্রিয়া আরও জোরদার করা হবে।”
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার নেইমার গত আড়াই বছরে দেশের জার্সিতে খেলতে পারেননি। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচগুলি খুব গুরুত্বপূর্ণ হলেও তিনি খেলতে পারছেন না চোটের কারণে। গ্রেড ২ কাফ স্ট্রেইনের কারণে মাঠের বাইরে রয়েছেন ৩৪ বছর বয়সী তারকা। এটি পেশিতে মাঝারি ধরনের আঘাত, যেখানে পেশি আংশিকভাবে ছিঁড়ে যায়।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। প্রথম ম্যাচ থেকেই নেইমারকে পেতে আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি।