সিটির সাভিনিয়োকে কিনতে সমঝোতায় পৌঁছেছে টটেনহ্যাম, খবর বিবিসির
গত দুই মৌসুমের হতাশা মুছে আবারও লিগে শীর্ষ চারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দল পুনর্গঠন করছে লন্ডনের ক্লাবটি।
সাভিনিয়োকে দলে টানতে তার ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে টটেনহ্যাম হটস্পার, বিবিসির প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, এই ব্রাজিলিয়ান উইঙ্গারের জন্য প্রাথমিকভাবে সাড়ে সাত কোটি পাউন্ড ট্রান্সফার ফি দিতে রাজি টটেনহ্যাম। বিভিন্ন শর্তে অঙ্কটা আগামীতে আরও এক কোটি পর্যন্ত বাড়তে পারে।
২২ বছর বয়সী সাভিনিয়োর এখন মেডিকেল হবে এবং এরপর সবকিছু ঠিকঠাক থাকলে টটেনহ্যামের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করবেন তিনি।
সাভিনিয়োকে গত গ্রীষ্মেই পেতে আগ্রহী ছিল টটেনহ্যাম; কিন্তু তখন তিনি সিটিতেই থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। যদিও গত মৌসুমে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে মাত্র সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান এই ফুটবলার।
গত দুটি মৌসুম ভীষণ বাজে কেটেছে টটেনহ্যামের। বিশেষ করে প্রিমিয়ার লিগে; দুই মৌসুমেই অবনমনের অঞ্চলের ঠিক বাইরে থেকে আসর শেষ করে তারা। গত মৌসুমে তো ১৮ নম্বর দলের চেয়ে মাত্র ২ পয়েন্ট বেশি নিয়ে টিকে যায় দলটি।
সেই সব হতাশা মুছে আবারও শীর্ষ চারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দল পুনর্গঠন করছে লন্ডনের ক্লাবটি। ১৮ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করে ইতোমধ্যে ওয়েস্ট হ্যাম থেকে মিডফিল্ডার মাতেউস ফের্নান্দেস ও নিউক্যাসল ইউনাইটেড থেকে মিডফিল্ডার সান্দ্রো তোনালিকে চুক্তিভূক্ত করেছে টটেনহ্যাম।
গ্রীষ্মের দলবদলে এখনও এক সপ্তাহের বেশি সময় বাকি। টটেনহ্যামও আরও কয়েকজন খেলোয়াড়ের ওপর নজর রেখেছে বলে খবর বিবিসির। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি লিখেছে, সম্ভব হলে সাভিনিয়োর সিটি সতীর্থ ওমার মার্মুশকেও কিনতে চায় ক্লাবটি।
