Published : 24 May 2026, 06:10 PM
অবনমনের শঙ্কায় থাকা টটেনহ্যাম হটস্পারের প্রতি আবারও আনুগত্য প্রকাশ করেছেন কোচ রবের্তো দে জেরবি। স্পষ্ট করে জানিয়েছেন, তার দল যদিও দ্বিতীয় স্তরে নেমেও যায়, তবুও এই দায়িত্বে থেকে যাবেন তিনি।
প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের আগে অবনমন অঞ্চল থেকে মাত্র ২ পয়েন্ট দূরে টটেনহ্যাম। শেষ রাউন্ডে রোববার একই সঙ্গে মাঠে নামবে ২০টি দল, বাংলাদেশ সময় রাত ৯টায়।
এভারটনের মুখোমুখি হবে টটেনহ্যাম। ম্যাচটি ড্র করলেই হয়তো টিকে যাবে টটেনহ্যাম, কারণ ১৮ নম্বর দল ওয়েস্ট হ্যামের (৩৬) চেয়ে গোল ব্যবধানে ভালো অবস্থায় আছে উত্তর লন্ডনের ক্লাবটি (৩৮)।
তবে, ওয়েস্ট হ্যাম যদি লিডস ইউনাইটেডকে হারিয়ে দেয় এবং টটেনহ্যাম যদি এভারটনের বিপক্ষে হেরে যায়, তাহলে তারা ১৯৭৭ সালের পর প্রথমবারের মতো শীর্ষ লিগ থেকে অবনমিত হতে পারে।
গত এপ্রিলে দি জেরবি বলেছিলেন মৌসুম শেষে দলের অবস্থা যেমনই হোক, তিনি থাকবেন। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে সেই একই কথার পুনরাবৃত্তি করেন এই ইতালিয়ান।
“হ্যাঁ, আমি নিশ্চিত করছি (থাকব)।”
“রোববার আমরা অনবমন এড়ানোর জন্য লড়াই করলেও, টটেনহ্যামকে কোচিং করানো সম্মানের… আমার কাছে ফুটবল লিগ টেবিলের চেয়ে বড় কিছু।”
“আমরা সবার জন্য, খুব গুরুত্বপূর্ণ কিছুর জন্য লড়াই করছি। তবে আমাদের মানসম্পন্ন দল আছে। এই চাপকে আক্রমণ করতে নিজের মধ্যে সেই সাহসিকতার খোঁজ করতে হবে, পরিস্থিতি অনুধাবন করতে হবে এবং সামর্থ্যের সবটা দিতে নিজেকে তাড়িত করতে হবে।”
এবার লিগে ৩৭ ম্যাচের মাত্র ৯টিতে জিতে এবং ১১টি ড্র করে ৩৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে টটেনহ্যাম। ওয়েস্ট হ্যামেরও জয় সমান ৯টি। ৩৬ পয়েন্ট নিয়ে পরের স্থানে তারা।