শীর্ষে থেকে বছর শেষ করতে পারবে আর্সেনাল?
পয়েন্ট টেবিলের চূড়ায় থাকতে পারলে শিরোপা জয়ের সম্ভাবনা কতটা উজ্জ্বল হয়, কী বলছে পরিসংখ্যান।
অপরাজেয় যাত্রায় এগিয়ে চলার মাঝে চলতি মাসের প্রথম সপ্তাহে ছন্দপতন হয় আর্সেনালের; হেরে যায় অ্যাস্টন ভিলার মাঠে। সেই হতাশায় প্রলেপ দেওয়ার সুযোগ খুব দ্রুতই পেয়ে যাচ্ছে তারা। ফিরতি লেগে উনাই এমেরির দলকে হারাতে পারলে নিশ্চিতভাবে লিগ টেবিলের শীর্ষে থেকে বছর শেষও করতে পারবে আর্সেনাল।
প্রিমিয়ার লিগে মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।
বাংলাদেশ সময় রাত সোয়া দুইটায় অনুষ্ঠেয় ম্যাচটি জিতলে ১৯ ম্যাচে আর্সেনালের পয়েন্ট হবে ৪৫। টেবিলের চূড়ায় থেকে বছর শেষ করতে পারা অবশ্যই দলের জন্য দারুণ কিছু; তবে সাম্প্রতিক ইতিহাস বিবেচনায় নিলে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্নে এই সময়ের টেবিলের অবস্থান খুব গুরুত্বপূর্ণ কিছু নয়।
প্রতিযোগিতাটির আগের ১০ আসরের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করা কেবল পাঁচটি দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পরেছিল। লিভারপুল দুইবার (২০২৪-২৫ ও ২০১৯-২০), ম্যানচেস্টার সিটি দুইবার (২০২১-২২ ও ২০১৭-১৮) ও চেলসি (২০১৬-১৭)।
এই পরিসংখ্যান আর্সেনালের জন্য বরং হতাশার। তারা ২০১৫-১৬ ও ২০২২-২৩ মৌসুমে পয়েন্ট তালিকায় চূড়ায় থেকে বছর শেষ করলেও ট্রফি জিততে পারেনি; প্রথমবার চ্যাম্পিয়ন লেস্টার সিটির ১০ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হল আর্সেনাল আর পরেরবার চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে ৫ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হল মিকেল আর্তেতার দল।
