Published : 17 May 2025, 06:01 PM
দারুণ সম্ভাবনাময় ডিফেন্ডার ডিন হাউসেনের ভবিষ্যৎ নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটাই সত্যি হলো। বোর্নমাউথ থেকে এই স্প্যানিশ ফুটবলারকে পাঁচ বছরের জন্য চুক্তিভুক্ত করেছে রেয়াল মাদ্রিদ।
দুটি ক্লাবের পক্ষ থেকেই শনিবার খবরটি নিশ্চিত করা হয়েছে। আগামী ১ জুন থেকে রেয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়ে যাবেন ২০ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
বোর্নমাউথের বিবৃতিতে বলা হয়েছে, হাউসেনের রিলিজ ক্লজের পাঁচ কোটি পাউন্ড দিচ্ছে রেয়াল। ইউরোপের সফলতম ক্লাবটিতে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন তিনি।
১২ মাসের কম সময় আগে বোর্নমাউথের সঙ্গে চুক্তি করেছিলেন হাউসেন। প্রিমিয়ার লিগের দলটিতে শুরু থেকে আলো ছড়িয়ে আরও কয়েকটি ক্লাবের নজর কাড়েন তিনি। কিন্তু ইংল্যান্ডে থেকে যাওয়ার ইচ্ছায় বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই ফুটবলার।
তবে রেয়ালের প্রস্তাব আর উপক্ষা করতে পারলেন না হাউসেন।
চলতি মৌসুমে প্রবলভাবে চোট সমস্যায় ভুগতে হচ্ছে রেয়াল মাদ্রিদকে। গত বুধবার রাতে সবশেষ ম্যাচেই যেমন, চোটের ছোবলে মূল খেলোয়াড়দের ১২ জনকে ছাড়া মায়োর্কার বিপক্ষে খেলতে নামে তারা। অন্তিম সময়ের গোলে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে রক্ষণে প্রথম পছন্দের কাউকেই পাননি কোচ কার্লো আনচেলত্তি।
চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি ক্লাবটি। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপে সেই হতাশা দূর করার একটা সুযোগ অবশ্য আছে; তবে চোটের ছোবলে দলের অবস্থা যাচ্ছেতাই। বিশেষ করে রক্ষণভাগ একেবারে জর্জরিত।
মূলত এ কারণে ক্লাব বিশ্বকাপের আগেই হাউসেনকে স্কোয়াডে যোগ করতে চেয়েছিল রেয়াল মাদ্রিদ।
জন্মভূমি নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলেও খেলেছেন হাউসেন। তবে সিনিয়র ফুটবলে তিনি বেছে নিয়েছেন স্পেনকে। ইতোমধ্যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জাতীয় দলেও অভিষেক হয়েছে তার।
সব প্রতিযোগিতা মিলিয়ে বোর্নমাউথের জার্সিতে ৩৪ ম্যাচ খেলেছেন হাউসেন, তিনটি গোলও করেছেন।
প্রিমিয়ার লিগ থেকে আরেক ডিফেন্ডারের সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়ার জোর গুঞ্জন আছে, লিভারপুলের রাইট-ব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।