২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

রাশফোর্ডকে ‘মিস করবেন’ বার্সেলোনা কোচ

ইংলিশ উইঙ্গারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হান্সি ফ্লিক।

রাশফোর্ডকে ‘মিস করবেন’ বার্সেলোনা কোচ
মার্কাস রাশফোর্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 09:27 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ধারের মেয়াদ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়া মার্কাস রাশফোর্ডের অভাব অনুভব করবেন হান্সি ফ্লিক। ইংলিশ এই উইঙ্গারের উচ্ছ্বসিত প্রশংসা করে বার্সেলোনা কোচ বললেন, পাকাপাকিভাবে রাশফোর্ডকে রেখে দেওয়ার মতো অবস্থায় ছিলেন না তারা।

২০২৫-২৬ মৌসুমে ধারে বার্সেলোনায় খেলেন রাশফোর্ড। স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের সামনে সুযোগ ছিল তিন কোটি ইউরোয় পাকাপাকিভাবে তাকে দলে নেওয়ার। কিন্তু রাশফোর্ডের ভালো পারফরম‍্যান্সের পরও সেই পথে হাঁটেনি কাতালান ক্লাবটি।

গণমাধ‍্যমের খবর, আরেক মৌসুমের জন‍্য রাশফোর্ডকে ধারে কাম্প নউয়ে রাখতে চেয়েছিল বার্সেলোনা। তবে এরই মধ‍্যে দুই উইঙ্গার অ‍্যান্থনি গর্ডন ও কারিম আদেইয়েমিকে দলে নিয়েছে তারা। এতে রাশফোর্ডের জন‍্য দুয়ার বন্ধ হয়ে গেছে।

বার্মিংহ্যামের বিপক্ষে প্রীতি ম্যাচে পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। দুই দলের মূল ম্যাচ ২-২ সমতায় শেষ হয়। সেই লড়াই শেষে রাশফোর্ডকে নিয়ে নিজের ভাবনা জানান ফ্লিক।

“ধারে আসা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যায় না- এই বিষয়ে আমাদের পরিস্থিতিও সহজ নয়। তবে তার (রাশফোর্ড) সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। সে অসাধারণ একজন খেলোয়াড়, মানুষ হিসেবেও দারুণ। দল তাকে মিস করবে, আমিও করব, তবে এটাই জীবন।”

বর্তমান পরিস্থিতিতে চলতি মাসের শুরুর দিকে ইউনাইটেডের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা রাশফোর্ডের। আগামী ২২ আগস্ট প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে ক্লাবটি, খেলবে নবাগত হাল সিটির মাঠে।

রাশফোর্ডের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। গত জুনে ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, এই ফুটবলারের জন্য হয়তো ৪ কোটি ইউরো পর্যন্ত চাইতে পারে ইউনাইটেড। তবে কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবে তাকে বিক্রি করতে ইচ্ছুক নয় তারা।

সামাজিক মাধ‍্যমে বৃহস্পতিবার বার্সেলোনাকে বিদায় জানান ইংল্যান্ডের হয়ে এবারের বিশ্বকাপে খেলা ২৮ বছর বয়সী রাশফোর্ড।

“এখানে আমার সময় এতটা ইতিবাচক ও স্মরণীয় করে রাখায় ক্লাবের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং অনেক স্পেশাল স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।

“ক্লাব ও এর সব সমর্থকদের আগামী মৌসুমে সাফল‍্যের জন‍্য আমি শুভকামনা জানাচ্ছি।”