ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 01 Mar 2026, 10:04 PM
আগের দুই ম্যাচে বদলি নেমে দলকে পথে ফেরানো বেনিয়ামিন শেশকো এবার জায়গা পেলেন শুরুর একাদশে এবং আবারও করলেন জয়সূচক গোল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে টানা দ্বিতীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে মাইকেল ক্যারিকের কোচিংয়ে বদলে যাওয়া দলটি। চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে সমতায় ফেরান অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।
ক্যারিকের কোচিংয়ে টানা সাত ম্যাচ অপরাজিত রইল প্রিমিয়ার লিগের সফলতম দলটি, এর মধ্যে টানা দুটিসহ জয় ছয়টি।
২৮ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চার নম্বরে নেমে গেছে অ্যাস্টন ভিলা।
ম্যাচের শুরুতেই ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দেয় প্যালেস। দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণ শাণায় তারা, পরের মিনিটে পায় প্রথম কর্নার। এই কর্নারেই হেডে সফরকারীদের এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার মেক্সঁস লেকখোয়া।
২৪তম মিনিটে আরেক ধাক্কা খায় ইউনাইটেড। চোট পেয়ে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার লুক শ, তার বদলি নামেন নুসায়ার মাজরাউই।
শুরুর ছন্দহীনতা কাটিয়ে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়াতে শুরু করে ইউনাইটেড। ভালো কয়েকটি সুযোগও তৈরি করে তারা; কিন্তু কাসেমিরো ও শেশকোরা পারেননি কাজে লাগাতে।
বিরতির পর টানা কয়েকটি আক্রমণ করে স্বাগতিকরা এবং ৫৭তম মিনিটে গোলও পেয়ে যায় তারা।
ডি-বক্সে মাথেউস কুইয়াকে পেছন থেকে লেকখোয়া টেনে ফেলে দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং ভিএআর মনিটরে দেখে এই সেন্টার-ব্যাককে সরাসরি লাল কার্ডও দেখান। সফল স্পট কিকে সমতা টানেন ফের্নান্দেস।
আট মিনিট পরেই এগিয়ে যায় দলটি। ডান দিক থেকে ফের্নান্দেসের ক্রসে দারুণ হেডে গোলটি করেন শেশকো। টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন তিনি।
গত অগাস্টে লাইপজিগ ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি দেওয়া স্লোভেনিয়ার এই স্ট্রাইকারের প্রিমিয়ার লিগে গোল হলো আটটি। ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯টি।
আট মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়তে পারতো। তবে ডি-বক্সের বাইরে থেকে আমাদ দিয়ালোর শট ঝাঁপিয়ে আটকে দেন গোলরক্ষক।
আসরে নবম হারের স্বাদ পেল প্যালেস। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে তারা।