১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেষদিকে শেশকোর ‘অবিশ্বাস্য’ গোল, টানা পাঁচ না হলেও নাটকীয় ড্র ইউনাইটেডের

ক্যারিকের কোচিংয়ে টানা পাঁচ জয় পাওয়া হলো না ম্যানচেস্টার ইউনাইটেড, তবে রোমাঞ্চকর সমাপ্তিতে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 11:11 AM

Updated : 26 Aug 2026, 02:55 PM

৯০ মিনিট শেষে যোগ করা হয়েছিল ৭ মিনিট। সেটির ষষ্ঠ মিনিটের খেলা চলছিল। ওয়েস্ট হ্যামের বক্সের বাইরে বাঁ দিকে বল পেলেন ব্রায়ান এমবুমো। সামনে প্রকিপক্ষের একজনকে এগিয়ে বল বাড়ালেন বক্সে। বল রিসিভি না করেই জটলার মধ্যে পায়ের অগ্রভাগ দিয়ে চোখধাঁধানো ফ্লিক করলেন বেনইয়ামিন শেশকো। ডাইভ দিয়ে নাগাল পেলেন না গোলকিপার। চোখের পলকে বল জালে। এক ধারাভাষ্যকার বলে উঠলেন, “ও মাই গড…!”, আরেকজনের চিৎকার, “হোয়াট আ ফিনিশ…!” 

ক্যামেরায় তখন ধরা হলো নুনো সান্তোকে। হতাশায় পেছন দিকে নুইয়ে পড়লেন ওয়েস্ট হ্যাম কোচ। তার ও ঘরের মাঠের সমর্থকদের হৃদয় ভেঙে একদম শেষ সময়ে একটি পয়েন্ট আদায় করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ মাইকেল ক্যারিকের চোখে যে গোলটি ‘অবিশ্বাস্য।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি মঙ্গলবার ড্র হয় ১-১ গোলে। 

ঘরের মাঠে ৫০তম মিনিটে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হ্যাম। রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে থাকা দলটির বড় প্রাপ্তি হতো তিনটি পয়েন্ট পাওয়া। কিন্তু মুঠো থেকে দুটি পয়েন্ট ফসকে গেল তাদের।

ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে ছিল টানা পাঁচ জয়ের হাতছানি। শেষ পর্যন্ত তা হলো না। ভারপ্রাপ্ত কোচ মাইকেল ক্যারিকের শতভাগ জয়ের রেকর্ডও তাতে শেষ হয়ে গেল। তবে পরাজয়ের কিনারায় ছিল তারা। সেখান থেকে শেশকোর দারুণ গোলে ড্রয়ের স্বস্তি মিলেছে। ম্যাচের বাস্তবতায় একটি পয়েন্টই তাদের জন্য কম প্রাপ্তি নয়।

ম্যাচের পর ক্যারিকের প্রতিক্রিয়াতেও মিশে থাকল মিশ্র অনুভূতি।

“আমার মনে হয়, আমরা কিছুটা হতাশ এবং অবশ্যই নিজেদের সেরা চেহারায় ছিলাম না আমরা। এতে কিছুটা হতাশ আমি।”

“তবে এখানে এসে খেলাটা সবসময়ই কঠিন এবং সমাধান বের করার ধার ছিল না আমাদের। তবে শেষ পর্যন্ত দারুণ উজ্জীবিত ছিলাম আমরা, এই পয়েন্ট পয়েন্ট আমরা নিচ্ছি এবং সামনে তাকাচ্ছি।”

ক্যারিকের কোচিংয়ে এখনও সেরা একাদশে জায়গা পাননি শেশকো। তবে বদলি নেমে আগেও করেছেন গোল। ফুলহ্যামের বিপক্ষেও শেষ দিকে গোল করে জিতিয়েছিলেন দলকে। 

স্লোভেনিয়ার ফরোয়ার্ডের এবারের গোলে মুগ্ধতার শেষ নেই ক্যারিকের। তবে চমকে যাননি কোচ।

“বেন (শেশকো) দারুণ কাজ করছে। খুব ভালো অবস্থায় আছে সে এবং যে কোনো সময়ে নামতে প্রস্তুত। অবশ্যই সে নামার পর বড় পার্থক্য গড়ে দিয়েছে। ওই অ্যাঙ্গল থেকে গোল করতে পারা অবিশ্বাস্য… ওখান থেকে একটা জোর পাওয়া, লক্ষ্যে রাখা ও শেষ করা, গোল বটে একটা!”

“এই সামর্থ্য বেনের আছ। সবসময়ই তো এমন কিছু করছে। এমন নয় যে হুট করে দৃশ্যপটে আবির্ভুত হয়েছে। অনুশীলনেও সে এমন কিছু করছে। খুব বিস্ময়কর নয়, সত্যি বলতে। এমনটিই সে করে আসছে, এসবেই সে ভালো। আজকের গোলটি হয়তো ম্যাচের বাস্তবতবার কারণে ভিন্ন লাগছে। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ ছিল এবং তার জন্য ও দলের জন্য বড় মুহূর্ত।”

দিনের অন্য ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে চেলসি ২-২ গোলে ড্র করায় পয়েন্ট তালিকায় চার নম্বরেই থাকছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ ম্যাচে ক্যারিকের দলের পয়েন্ট ৪৫। আগের মতোই ১৮ নম্বরে ওয়েস্ট হ্যাম।