আন্তর্জাতিক ফুটবল
Published : 08 Oct 2025, 05:42 PM
বয়স কেবল ১৮। তবে, সামর্থ্য আর প্রতিভা দিয়ে এর মধ্যেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করতে পেরেছেন এস্তেভোঁ উইলিয়ান। আসছে দুই প্রীতি ম্যাচের আগে ব্রাজিলিয়ান উইঙ্গার জানিয়ে দিলেন, দলের প্রয়োজনে মাঠের যে কোনো প্রান্তে খেলতে প্রস্তুত তিনি।
স্বদেশের ক্লাব পালমেইরাস ছেড়ে গত অগাস্টে চেলসিতে নাম লেখান এস্তেভোঁ। বলা যায়, অল্প সময়েই ইউরোপিয়ান ফুটবলে মানিয়ে নিতে পেরেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে অবশ্য নিজের জায়গা তার আগেই বেশ পোক্ত করেছেন এই ফুটবলার। গত মে মাসে আনচেলত্তি কোচের দায়িত্ব নেওয়ার পর, তার ঘোষণা করা সবগুলো দলেই জায়গা পেয়েছেন এস্তেভোঁ।
আছেন এবারের এশিয়া সফরের দুটি প্রীতি ম্যাচের দলেও। আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে আনচেলত্তির দল। সেখানেই বুধবার সংবাদ সম্মেলনে এস্তেভোঁ বলেন, তার লক্ষ্যই দলের সবচেয়ে ভালোর জন্য সবকিছু করা।
“চেলসিতে প্রায় সময়ই আমি ডান দিকে খেলি। অনুশীলনে আগে থেকেই আক্রমণভাগের নানা পজিশনে থাকি, নিজের সামর্থ্যের পরিসর ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। আমি উইংয়ে খেলেছি, আবার গত ম্যাচে খেলেছি মাঝে।”
“নানা পজিশনে খেলতে আমি প্রস্তুত, দলের জন্য যেটাই প্রয়োজন, ভেতরে কিংবা বাইরে। এখানে, ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে ভালোর জন্য যা প্রয়োজন সেটাই আমি করব।”
ব্রাজিল দলের আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও রাফিনিয়ার মতো ক্লাব ফুটবলের প্রতিষ্ঠিত খেলোয়াড়রা আছেন। তাদের সঙ্গে তীব্র লড়াইয়ের মাঝেই আলো ছড়াচ্ছেন এস্তেভোঁ। স্কোয়াডের মধ্যে এমন প্রতিদ্বন্দ্বিতাকে দলের জন্য দারুণ বলে মনে করেন তিনি।
“তারা সবাই উঁচু মানের খেলোয়াড়, ব্রাজিল জাতীয় দলের আক্রমণের শক্তি এবং অবশ্য এখানে জায়গা পাওয়ার লড়াইটাও তীব্র। আমি এটাকে ফুটবলে আরও উন্নতি করার অনুপ্রেরণা হিসেবে দেখি।”
গত বছরের সেপ্টেম্বরে একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় এস্তেভোঁর। জাতীয় দলের হয়ে মোট সাতটি ম্যাচ খেলেছেন তিনি, এবং সবগুলোই বিশ্বকাপ বাছাইয়ে। ষষ্ঠ ম্যাচে এসে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের দেখা পান তিনি, চিলির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পথে। আর গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির জার্সিতে প্রথম জালের দেখা পান তিনি; তার শেষ সময়ের গোলেই লিভারপুলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
দারুণ পারফরম্যান্সের সেই ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ এখন তার সামনে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার বিকাল পাঁচটায়। চার দিন পর স্বাগতিক জাপানের বিপক্ষে পরের ম্যাচটি খেলবে সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জয়ী দলটি।