Published : 31 Dec 2025, 04:37 PM
চোট কাটিয়ে এইতো কিছুদিন আগে মাঠে ফিরেছেন গাব্রিয়েল মাগালিয়াইস ও গাব্রিয়েল জেসুস। মাঠে তাদের ভূমিকা পুরোপুরি ভিন্ন। তবে, অ্যাস্টন ভিলার বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ ম্যাচে তারা দুজনই গোলের দেখা পেলেন, দলের জয়ে রাখলেন অবদান। পরে কোচের প্রশংসা পেলেন দুই ব্রাজিলিয়ান ফুটবলার।
ধারাবাহিকভাবে দারুণ সব পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে উঠে আসা ভিলার বিপক্ষে আর্সেনালের সাম্প্রতিক লড়াইয়ের ইতিহাস তেমন সুখকর নয়। এই মাসের প্রথম দিকে আগের মুখোমুখি লড়াইয়েও পরাজিত দলটির নাম ছিল আর্সেনাল।
তবে গত মঙ্গলবার রাতে ভিলাকে কোনোরকম সুযোগই দেয়নি মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের হাত ধরে তাদের যে গোল উৎসব শুরু হয়, বদলি নেমে ৫৫ সেকেন্ডেই জালে বল পাঠিয়ে সেটার শেষ করেন ফরোয়ার্ড জেসুস।
ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ৪-১ গোলে জয় পায় আর্সেনাল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচের জয়যাত্রা থামে ভিলার।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে গত শনিবার ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস। তবে তার ফেরায় কেবল দলের রক্ষণের ধারই বাড়েনি, তাদের আক্রমণের শক্তিও বেড়েছে। প্রমাণ মিলেছে ভিলার বিপক্ষে তাদের এগিয়ে যাওয়া গোলেই।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল গ্লাভসে নিতে লাফিয়ে ওঠেন মার্তিনেস। তার সামনে লাফিয়ে ওঠেন গাব্রিয়েলও, তার কঠিন চ্যালেঞ্জের মুখে আয়ত্ত্বের মধ্যে পেয়েও দলকে বাঁচাতে পারেননি মার্তিনেস, বল তার হাতে লেগে গাব্রিয়েলের শরীরে লেগে গোললাইন পেরিয়ে যায়। লিগে কর্নার থেকে এটা তার ১৭তম গোল।
চোট থেকে সেরে উঠেই যেভাবে দলের জয়ে ভূমিকা রাখলেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক, তাতে খুব খুশি আর্তেতা।
“চোট থেকে সেরে উঠে ছয় সপ্তাহের মধ্যে (কিছুদিন আগে) সে ফিরেছে, তার বাইরে থাকার সময়টা আরও বেশিও হতে পারতো, সে এমন এক দলের বিপক্ষে খেলল, যাদের নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে কঠিন…এবং সে অবিশ্বাস্য উপায়ে খেলায় প্রভাব রাখল, রক্ষণে এবং প্রতিপক্ষের বক্সেও।”
আর হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্ট চোটের প্রায় এক বছর বাইরে থাকার পর এই মাসেই প্রথম মাঠে নামেন জেসুস। এদিনও তিনি নামেন বদলি হিসেবে; আর মাঠে নেমেই ত্রোসারের পাস ডি-বক্সে ধরে নিখুঁত শটে গোল করেন এই স্ট্রাইকার।
ম্যাচের পর তার গোল দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্সেনাল কোচ।
“দীর্ঘ সময় পর সে দলে ফিরেছে এবং এখানে সে চমৎকার এক গোল করল।”
দারুণ এই জয়ে লিগের শীর্ষস্থান মজবুত হয়েছে আর্সেনালের। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে বছর শেষ করতে যাচ্ছে তারা। তাদের চেয়ে পাঁচ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে পেপ গুয়ার্দিওলার দল।