Published : 24 Jul 2026, 08:32 PM
হুডি গাহসিয়ার উত্তরসূরি খুঁজে নিতে বেশি সময় নিল না বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার মার্ক ফন বোমেলকে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিল তারা।
২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাকে এই পদে নিয়োগ দেওয়ার কথা শুক্রবার জানিয়েছে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
গাহসিয়ার কোচিংয়ে এবারের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠে বেলজিয়াম, যেখানে তারা হেরে যায় স্পেনের কাছে। তার সঙ্গে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর কথা গত সোমবার জানানো হয়।
৪৯ বছর বয়সী ফন বোমেল খেলোয়াড়ী জীবনে ডাচদের হয়ে খেলেন ৭৯ ম্যাচ। ২০১০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হারা ফাইনালেও খেলেন তিনি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দহোভেনের মতো ক্লাবগুলোর জার্সি গায়ে চাপিয়েছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
২০১৮ সালে প্রধান কোচ হিসেবে স্বদেশের ক্লাব আইন্দহোভেনের দায়িত্ব নেন ফন বোমেল। পরে জার্মান ক্লাব ভলফসবুর্ক ঘুরে ২০২২ সালে অ্যান্টোয়ার্পের দায়িত্ব নেন তিনি। তার হাত ধরে ২০২২-২৩ মৌসুমে লিগ ও কাপের ঐতিহাসিক ঘরোয়া ‘ডাবল’ জয় করে বেলজিয়ান ক্লাবটি।
দুই বছর আগে অ্যান্টোয়ার্পের দায়িত্ব ছাড়ার পর, এই প্রথম কোচিংয়ে ফিরলেন ফন বোমেল। বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
“বেলজিয়ামের প্রধান কোচ হওয়াটা আমার জন্য বিরাট সম্মানের।”
“আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই আমি। বেলজিয়ামে অসাধারণ খেলোয়াড় এবং বিপুল সম্ভাবনা রয়েছে। আমার কোচিং স্টাফদের সঙ্গে মিলে আমরা এমন একটি দল গড়তে চাই, যা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী এবং সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট সাহসী।”
আগামী সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে নেশন্স লিগে চারটি ম্যাচ খেলবে বেলজিয়াম। ২৫ সেপ্টেম্বর রোমে ইতালির বিপক্ষে, ২৮ সেপ্টেম্বর ব্রাসেলসে ফ্রান্সের বিপক্ষে খেলবে তারা।
এছাড়া ২ অক্টোবর ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে এবং এর তিন দিন পর প্যারিসে ফ্রান্সের বিপক্ষে খেলতে যাবে বেলজিয়াম।