২০৩২ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়ে স্পেনের বিশ্বকাপজয়ী কোচের রেকর্ড
খবর অনুযায়ী, এই চুক্তিতে লুইস দে লা ফুয়েন্তের পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
স্পেনকে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২৬ বিশ্বকাপ জেতানোর পর, চুক্তির মেয়াদ ছয় বছর বাড়িয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ২০৩২ ইউরো পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি।
মাদ্রিদে সোমবার নির্বাহী কমিটির সভায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই চুক্তির অনুমোদন দেয়। এবারের বিশ্বকাপ চলাকালীন সময়েই চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছিল। এই বিষয়ে এ দিনই সংবাদ সম্মেলনে কথা বলবেন দে লা ফুয়েন্তে ও আরএফইএফ সভাপতি রাফায়েল লুসান।
স্পেনের কোনো প্রধান কোচের জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদী চুক্তির রেকর্ড এটি। এর ফলে দে লা ফুয়েন্তে পরবর্তী তিনটি বড় টুর্নামেন্টে দলের দায়িত্বে থাকবেন: ২০২৮ ইউরো, ২০৩০ বিশ্বকাপ এবং তুরস্ক ও ইতালিতে অনুষ্ঠেয় ২০৩২ ইউরো।
ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এই চুক্তিতে দে লা ফুয়েন্তের পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
৬৫ বছর বয়সি এই কোচ স্পেনের দায়িত্বে এরই মধ্যে তিনটি ট্রফি জিতেছেন: নেশন্স লিগ, ইউরো ও বিশ্বকাপ। একমাত্র যে শিরোপাটি তিনি জিততে পারেননি, সেটা হলো ২০২৫ সালের নেশন্স লিগ; যেখানে ফাইনালে পেনাল্টি শুটআউটে পর্তুগালের কাছে হেরে যায় তারা।
দে লা ফুয়েন্তের কোচিংয়ে সব মিলিয়ে ৫০ ম্যাচে স্পেনের জয় ৩৮টিতে, ড্র ১০টি এবং হার দুটি।
দুটি হারের একটি স্কটল্যান্ডের বিপক্ষে (যা প্রতিযোগিতামূলক ম্যাচে দে লা ফুয়েন্তের একমাত্র পরাজয়) এবং অন্যটি লন্ডনে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।
আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৮ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন।
