১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত কার্ভাহাল’

রেয়াল মাদ্রিদ কোচ আশা দেখালেও, ক্লাবে যথেষ্ট খেলার সুযোগ না পাওয়ায় দানি কার্ভাহালের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

‘বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত কার্ভাহাল’
দানি কার্ভাহাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 06:21 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

মৌসুম জুড়ে চোট ভীষণ ভোগাচ্ছে দানি কার্ভাহালকে। আবার সুস্থ হয়ে মাঠে ফিরলেও, ফিটনেসের ঘাটতি ও পারফরম্যান্সের অধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে রেয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। এমন বিরূপ পরিস্থিতিতে এই স্প্যানিশ রাইট-ব্যাকের আসছে বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। তবে রেয়াল কোচ আলভারো আরবেলোয়ার মতে, বৈশ্বিক আসরে খেলার জন্য কার্ভাহাল পুরোপুরি প্রস্তুত।

উত্তর আমেরিকায় আগামী ১১ জুন মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নে বিভোর স্পেন এবং দেশের এই যাত্রায় অংশ হওয়ার আশায় আছেন কার্ভাহাল। কিন্তু, ক্লাবের হয়ে যথেষ্ট সময় খেলার সুযোগ না পাওয়ায় তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা কমে যাচ্ছে।

এই বিষয় নিয়েই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন আরবেলোয়া। একের পর এক পাল্টা প্রশ্নে কিছুটা যেন বিরক্তি প্রকাশ করেন তিনি।

“তার বিষয়ে কথা বলার সময় আমার প্রতিক্রিয়া কেমন হয়, আপনাদের দেখা উচিত; দলের সামনে তাকে নিয়ে আমি কী বলি, আমার খেলোয়াড়দের জিজ্ঞাসা করুন। আসলে এই পরিস্থিতিতে আপনারা আমাকে অন্যায্যভাবে তুলে ধরতে চাইছেন।”

প্রথমে পেশি ও পরে হাঁটুর চোটে এমনিতেই মৌসুমে অনেক ম্যাচ বাইরে থাকতে হয়েছে কার্ভাহালকে। এই সময়ের বাইরে স্কোয়াডে থাকলেও, অনেক ম্যাচে তাকে বেঞ্চে কাটাতে হয়েছে পুরোটা সময়, আবার বদলি হিসেবে মাঠে নামলেও সুযোগ পেয়েছেন খুব কম সময়। শুরুর একাদশে নেমে তার পুরো ম্যাচ খেলার সংখ্যা এবার খুবই কম।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ২০টি ম্যাচে মাঠে নেমেছেন কার্ভাহাল, খেলতে পেরেছেন মোট ৮৮৫ মিনিট!  

তবে এই কম সময়কে বড় করে দেখতে চান না আরবেলোয়া। তিনি জোর দিয়ে বলতে চাইলেন, বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত ৩৪ বছর বয়সী কার্ভাহাল। 

“বিশ্বকাপের জন্য সে পুরোপুরি প্রস্তুত; তাকে নিয়ে আমি খুশি এবং আমি বিশ্বাস করি, জাতীয় দলেও সে সমান গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫২টি ম্যাচ খেলেছেন কার্ভাহাল, যদিও সবশেষ স্পেনের জার্সিতে তাকে দেখা গেছে সাত মাস আগে। গত সেপ্টেম্বরে বিশ্বকাপের বাছাইয়ে বুলগেরিয়িার বিপক্ষে। ওই মাসেই পরের ম্যাচে ছিলেন বেঞ্চে বসে এবং বছরের শেষ চার ম্যাচে চোটের কারণে সুযোগ পাননি তিনি। আর গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে ডাক পাননি দলে।

কার্ভাহালকে একের পর এক ম্যাচে শুরুর একাদশের বাইরে রাখায় তার সঙ্গে কোচের সম্পর্কের অবনতি হয়েছে-এমন গুঞ্জনও ছড়িয়েছে, যা উড়িয়ে দেন আরবেলোয়া।

“তার সঙ্গে আমার সম্পর্কটা দারুণ; আমার মনে সমসময় তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কাজ করে। লোকে মনে করে, ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিয়ে আমি দল সাজাই… আমি ভাবতেই পারি না, বিশ্বে এমন একজন কোচও আছেন যে ফুটবলীয় কারণ ছাড়া দল গঠন করে।”

এদিকে আরেকটি হতাশার মৌসুমে রেয়াল মাদ্রিদের কোনো শিরোপা জয়ের আশা প্রায় শেষ হয়ে গেছে। কোপা দেল রে থেকে অনেক আগে ছিটকে পড়া দলটি সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই পরাজিত হয়।

লিগে পরের ম্যাচে রেয়াল বেতিসের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। বেতিসের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার রাত একটায় শুরু হবে খেলা।

লা লিগায় ছয় রাউন্ড বাকি থাকতে শীর্ষস্থান থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে রেয়াল। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।