সেল্তা ভিগো ছেড়ে ইন্টার মায়ামিতে ‘যোগ দিচ্ছেন’ আইয়েন্দে
এমএলএস কাপের প্লে-অফ পর্বে আলো ছড়ানো তাদেও আইয়েন্দেকে পাকাপাকিভাবে দলে নিচ্ছে যুক্তরাষ্ট্রের চ্যাম্পিয়নরা।
ধারে খেলতে এসে প্লে-অফ পর্বে রেকর্ড গড়া তাদেও আইয়েন্দেকে পাকাপাকিভাবে দলে নেওয়ার কাজ প্রায় সেরে ফেলেছে ইন্টার মায়ামি, খবর দ্য অ্যাথলেটিকের।
মায়ামির প্রথম লিগ শিরোপা জয়ে বড় অবদান ছিল আইয়েন্দের। গত ডিসেম্বরে এমএলএস কাপের ফাইনালে যোগ করা সময়ে জালের দেখা পান তিনি। ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ গোলে জেতে মায়ামি।
দ্য আথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, আইয়েন্দের নতুন চুক্তি স্বাক্ষর করা হবে চলতি সপ্তাহে। আর্জেন্টিনার ২৬ বছর বয়সী উইঙ্গার গত বছর মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে ৩৫ ম্যাচ খেলে গোল করেন ১১টি, এর মধ্যে ২৬ ম্যাচে খেলেন শুরুর একাদশে।
২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমে সেল্তা ভিগোর হয়ে লা লিগায় ১১ ম্যাচ খেলেন আইয়েন্দে। সেখান থেকে গত বছর জানুয়ারিতে ধারে মায়ামিতে যোগ যান তিনি।
নিয়মিত মৌসুমের পর প্লে-অফে নিজেকে নতুন করে চেনান আইয়েন্দে। প্লে-অফে ৯ গোল করে তিনি গড়েন রেকর্ড।
