Published : 27 May 2026, 12:11 AM
সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা গুঞ্জনটাই সত্যি হলো, বার্সেলোনার সঙ্গে দীর্ঘ প্রায় দেড় দশকের সম্পর্ক চুকিয়ে ফেললেন আলেক্সিয়া পুতেয়াস।
ক্লাবটির ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে তারকা এই নারী ফুটবলারের দল ছাড়ার খবরটি জানানো হয়।
সিনিয়র ফুটবলে এম্পানিওল ও লেভান্তেতে এক বছর করে কাটিয়ে ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেন পুতেয়াস এবং শুরু হয় তার ও ক্লাবটির অবিশ্বাস্য এক যাত্রা। এখানে ৩২ বছর বয়সী তারকা এই মিডফিল্ডারের শেষটাও হলো রাজকীয় ঢংয়ে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধ্য দিয়ে।
নরওয়ের অসলোয় গত শনিবার মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে চতুর্থবারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরেন পুতেয়াস ও তার সতীর্থরা। ছয় বছরের মধ্যে এই চারটি ট্রফি জিতল বার্সেলোনা। এর আগে কখনও এই সাফল্য পায়নি তারা।
ওই ম্যাচের পর, ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পুতেয়াস বলেন, “শীঘ্রই জানতে পারবেন।” তাতে কিছুটা হলেও হয়তো অনেকে আরও কিছুদিন তাকে বার্সেলোনার জার্সিতে দেখতে শুরু করেছিল, শেষ পর্যন্ত যদিও তা বাস্তব হলো না।
বার্সেলোনায় প্রথম তিন মৌসুমেই স্পেনে মেয়েদের শীর্ষ লিগের ট্রফি উঁচিয়ে ধরেন পুতেয়াস। এরপর ২০১৯-২০ মৌসুম থেকে এবার দিয়ে টানা সাতবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।
এবার মৌসুমে চার শিরোপার সবগুলো জিতে কোয়াড্রপল পূর্ণ করেন বার্সেলোনার মেয়েরা, তিন বছরের মধ্যে দ্বিতীয়বার এই দুর্দান্ত সাফল্য পেল তারা।
ক্যারিয়ার জুড়ে দলের প্রায় সব অর্জনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার পুতেয়াস।
বার্সেলোনার নারী দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৫০৭টি ম্যাচ খেলেছেন তিনি। তালিকায় তার উপরে কেবল মেলানি সেরানো, ৫১৬ ম্যাচ খেলে।
দলটির ইতিহাসে গোলের রেকর্ডটা অবশ্য পুতেয়াসের, ২৩২ গোল নিয়ে। আর বার্সেলোনা দলে তিনি কত বড় লেগ্যাসি রেখে যাচ্ছেন, তা তার শিরোপা সংখ্যা দেখলেই স্পষ্ট হয়ে ওঠে, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লিগসহ মোট ৩৮টি শিরোপা!