১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে ৯ জনের টটেনহ্যামের বিপক্ষে জিতল লিভারপুল

এই জয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষ পাঁচে উঠেছে আর্না স্লটের দল।

রোমাঞ্চকর লড়াইয়ে ৯ জনের টটেনহ্যামের বিপক্ষে জিতল লিভারপুল
লিগে টানা দ্বিতীয় জয় পেল লিভারপুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 04:32 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করে এগিয়ে গেল লিভারপুল। তবে দমে গেল না টটেনহ্যাম হটস্পার। শেষ দিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলল তারা। যদিও শিরোপাধারীদের জয় রুখতে পারল না টমাস ফ্র্যাঙ্কের দল।  

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লিভারপুল।

শাভি সিমন্সের লাল কার্ডে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আলেকসান্দার ইসাক সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান উগো একিটিকে। টটেনহ্যামের গোলটি করেন রিশার্লিসন। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন ক্রিস্তিয়ান রোমেরো।

১৭ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। তাদের সমান ম্যাচে সপ্তম হারের তেতো স্বাদ পাওয়া টটেনহ্যাম ২২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। 

ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও গোলের জন্য ১৫টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে টটেনহ্যাম। লিভারপুলের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল।

আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ত্রয়োদশ মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের ক্রসে ভার্জিল ফন ডাইকের হেড ঠেকান গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও।

২৭তম মিনিটে সুযোগ এসে টটেনহ্যামের সামনে। রান্দাল কোলো মুয়ানির হেড ঠেকান গোলরক্ষক আলিসন।

৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় টটেনহ্যাম। প্রতিপক্ষের স্বদেশী ডিফেন্ডার ফন ডাইককে পেছনে থেকে ফাউল করে বসেন ডাচ ফরোয়ার্ড সিমন্স। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও, মনিটরে রিপ্লে দেখে লাল কার্ড দেখান।

গত ২৫ বছরে এই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচে স্বদেশের কোনো খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখলেন কোনো ডাচ ফুটবলার।

৫৬তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ফ্লোহিয়ান ভিয়েৎসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইসাক। তবে শট নেওয়ার সময় প্রতিপক্ষের চ্যালেঞ্জে আঘাত পান তিনি। তাই উদযাপনও করতে পারেননি। চিকিৎসা নেওয়ার পর দুই জনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সুইডিশ স্ট্রাইকার।

৬৬তম মিনিটে বক্সে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন একিটিকে। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে বক্সের ভেতর থেকে শটে গোল করে নাটকীয় কিছুর আভাস দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসন। 

৯ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লিভারপুলের ইব্রাহিমা কোনাতেকে ফাউল করার পর মেজাজ হারিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোমেরো। 

শেষ বাঁশি বাজার পর হলুদ কার্ড দেখেন রিশার্লিসন। ম্যাচে মোট সাতটি হলুদ ও দুটি লাল কার্ড দেখান রেফারি।