১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিটিকে উড়িয়ে শিরোপার হাসিতে মৌসুম শুরু আর্সেনালের

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি এন্টসো মারেস্কার ম্যানচেস্টার সিটি।

সিটিকে উড়িয়ে শিরোপার হাসিতে মৌসুম শুরু আর্সেনালের
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 12:24 AM

Updated : 16 Sep 2026, 12:57 PM

ম্যাচ শুরু হতেই ম্যানচেস্টার সিটির জালে জড়াল বল। প্রথমার্ধে আরেক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল আর্সেনাল। বিরতির পর তারা জালে বল পাঠাল আবার। সিটিকে ধরাশায়ী করে, কমিউনিটি শিল্ড জিতল মিকেল আর্তেতার দল।

কার্ডিফে রোববার প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের মধ্যে এক ম্যাচের এই শিরোপা লড়াইয়ে আর্সেনালের জয় ৩-০ গোলে।

রিকার্দো কালাফিওরি দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। আর দ্বিতীয়ার্ধের শুরুতে অধিনায়ক মার্টিন ওদেগোরের গোলে জয়ের হাসি হাসে লন্ডনের ক্লাবটি। 

‘পেপ গুয়ার্দিওলা যুগ’ পরবর্তী এন্টসো মারেস্কার কোচিংয়ে যাত্রা শুরুর প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে সিটি। কিক অফ থেকে আক্রমণ শাণায় আর্সেনাল এবং মাইলস লুইস-স্কেলির রক্ষণচেরা থ্রু বল ডি-বক্সে ধরে, নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান ডিফেন্ডার কালাফিওরি।

ম্যাচের ঘড়িতে তখন সময় ২৪ সেকেন্ড!

২৮তম মিনিটে আরেকটি গোছানো আক্রমণে লক্ষ্যে দ্বিতীয় শট নেয় আর্সেনাল, এবং তাতে ব্যবধান হয় দ্বিগুণ। অধিনায়ক মার্টিন ওদেগোর ডি-বক্সের বাইরে ডান দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান, এবং অভিষিক্ত গ্রিক ফরোয়ার্ড ক্রিস্তস জলিস হেডে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান, আর হেডেই গোলটি করেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার হাভার্টজ। গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও আটকাতে পারেননি।   

সাত মিনিট পর দলকে লড়াইয়ে ফেরানোর একটা সুযোগ পান আর্লিং হলান্ড। কিন্তু শট লক্ষ্যেই রাখতে পারেননি তিনি। 

দুই মিনিট পর আবার ভীতি ছড়ায় তারা। এবার আরও ভালো পজিশনে বল পান নরওয়ে তারকা; কিন্তু আট গজ দূর থেকে তার শট আটকে দেন গোলরক্ষক দাভিদ রাইয়া। পরক্ষণে জেরেমি ডোকুর প্রচেষ্টাও প্রতিপক্ষের একজনের গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সিটির ঘুরে দাঁড়ানোর আশা একরকম শেষ করে দেন ওদেগোর। জলিসের পাস দারুণ এক ছোঁয়ায় ধরার ফাঁকেই ইয়োশকো ভার্দিওলকে পরাস্ত করেন ওদেগোর। এরপর তার ডামি শটে অন্যদিকে ঝুঁকে পড়েন দোন্নারুম্মা এবং অনায়াসে বল জালে পাঠান তারকা মিডফিল্ডার।   

৮১তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করে সিটি, কিন্তু সফল হতে পারেনি তারা। অ্যান্তোয়ান সেমেনিওর কোনাকুনি শট ঝাঁপিয়ে আটকান রাইয়া।

বাকি সময়ে আর তেমন কোনো কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি আর্সেনালকে। 

২২ বছর পর গত মে মাসে লিগ শিরোপা জয়ী দলটি ওই মৌসুমের শেষ ম্যাচে হেরে যায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, পিএসজির বিপক্ষে। এবার নতুন স্বপ্ন নিয়ে দারুণ পারফরম্যান্সে শিরোপা জিতেই মৌসুম শুরু করল আর্তেতার দল।