২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘ম্যাকটমিনের হৃদয়ে ইউনাইটেড’

ব্রেন্টফোর্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের নায়ক স্কট ম্যাকটমিনের প্রশংসায় এভাবেই পঞ্চমুখ হলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

‘ম্যাকটমিনের হৃদয়ে ইউনাইটেড’

যোগ করা সময়ে জোড়া গোল করে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম‍্যানচেস্টার ইউনাইটেডের জয়ের নায়ক স্কট ম্যাকটমিনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 03:32 PM

Updated : 08 Oct 2023, 04:15 PM

দল হারের দুয়ারে, এমন সময় ত্রাতা হয়ে এসে ম্যানচেস্টার ইউনাইটেডকে অবিশ্বাস্য জয় এনে দিলেন স্কট ম্যাকটমিনে। এই স্কটিশ মিডফল্ডারের প্রশংসায় মাতলেন কোচ এরিক টেন হাগ। বললেন, ইউনাইটেডকে হৃদয়ে ধারণ করেন ম্যাকটমিনে।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতে ইউনাইটেড। গাসুমস ইয়েনসেনের গোলে পিছিয়ে পড়ার দলকে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জোড়া গোলে দারুণ জয় এনে দেন ম্যাকটমিনে।

ম্যাচের ৮৭তম মিনিটে বদলি নামেন ম্যাকটমিনে। ওই মুহূর্তে কোচ এক কথা বলে তাকে তাতিয়ে দিয়েছিলেন বলে জানালেন এই মিডফিল্ডর।

“খুবই শোরগোল হচ্ছিল (ওই সময়)। সমর্থকরা আমাকে লক্ষ‍্য করে চেচাচ্ছিল এবং আমি পুরোপুরি শুনতে পাচ্ছিলাম না। সম্ভবত তিনি (কোচ) আমাকে এমন কিছু বলছিলেন-যাও এবং গোল করো।”

ম্যাচশেষে অবশ্য তৃপ্ত কণ্ঠেই এরিক টেন হাগ জানিয়েছেন, ম্যাকটমিনেকে কী বার্তা দিয়েছিলেন, “আমি বলেছিলাম দুই গোল করো।”

কোচের বার্তা ঠিকঠাক না শুনতে পেলেও কাজের কাজ ঠিকই করেছেন ম্যাকটমিনে। জোড়া গোলে এনে দিয়েছেন জয়। টেন হাগও তাই বলতে পারছেন জীবন দিয়ে ইউনাইটেডের হয়ে খেলেন ম্যাকটমিনে।

“ম্যানচেস্টার ইউনাইটেড তার হৃদয়ে। এই ব্যাজের জন্য সে খেলে এবং জীবন দিয়ে খেলে। যখন মাঠে এসে কেউ দলকে এটা দেয়, তার অর্থ অনেক কিছু।”

“প্রত্যেক খেলোয়াড়ের একটা মূল্য আছে-সে খুবই গুরুত্বপূর্ণ। স্কোয়াডে আমি ম্যাকটমিনের মতো খেলোয়াড় চাই। সবভাবেই সে ইউনাইটেডের। ম্যাচের প্রতিটি মিনিট সে দলের জন্য লড়াই করবে; এ ধরনের খেলোয়াড়ই প্রয়োজন।”