Published : 07 Jul 2026, 03:52 AM
যুক্তরাষ্ট্রের ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা নিয়ে তোলপাড় চলছে গোটা ফুটবল দুনিয়ায়। ফিফার এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রভাব খাটানোর চেষ্টা করার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বালোগন। নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয় তার। তবে রোববার ফিফা জানায়, এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে।
ওই দিনই নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বালোগনের ‘নিষেধাজ্ঞা বাতিল’ করার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন ট্রাম্প। এরপরই ফিফা ওই সিদ্ধান্ত নেয়।
বিশ্বকাপে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা ক্লপ একটি টিভি চ্যানেলকে এই বিষয়ে বলেন, “এটা আমাদের খেলা, তাদের নয়।”
“ডনাল্ড ট্রাম্প ও জিয়ানি ইনফান্তিনো যদি সত্যিই নিজেদের মধ্যে এই বিষয়টির এভাবে সমাধান করে থাকেন, তবে সেটা পাগলামি; তারা সবকিছুকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। এই দুজন ব্যক্তি, যারা ফুটবল নিয়ে কিছুই জানেন না, তাদের এই বিষয়ে একদমই কোনো ভূমিকা রাখা উচিত নয়।”
ট্রাম্প অবশ্য সোমবার নিজেই স্বীকার করে নেন যে, ফিফাকে বালোগনের লাল কার্ড পর্যালোচনা করতে বলেছিলেন তিনি।
আসরে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ তিন গোল করেছেন বালোগন। শেষ ষোলোয় ৭ জুলাই ৬টায় (এএম) বেলজিয়ামের মুখোমুখি হবে সহ-আয়োজকরা।