বিশ্বকাপে ফেরার শেষ চেষ্টায় ইতালির প্রতিপক্ষ কারা
২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে সামনের নকআউট ধাঁচের প্লে-অফে দুটি ম্যাচে জিততে হবে প্রতিটি দলকে।
আগের দুই বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে আটকে যাওয়া ইতালি কি এবার পারবে সেই পরীক্ষায় উতরাতে? উত্তরের জন্য থাকতে হবে অপেক্ষায়। তবে আপাতত তাদের প্রতিপক্ষের নাম জানা গেছে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ের প্লে-অফের প্রথম ধাপে তাদের প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড।
২০২৬ বিশ্বকাপের স্বাগতিক তিন দলসহ এখন পর্যন্ত মোট ৪২টি দল নিশ্চিত করেছে মূল পর্বের টিকেট। বাকি ছয়টি দল চূড়ান্ত হবে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ও আন্ত:মহাদেশীয় প্লে-অফ থেকে। বৃহস্পতিবার এই দুই প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে।
যেখানে ইউরোপ অঞ্চলের প্লে-অফের ‘এ’ গ্রুপে পড়েছে ইতালি। প্রথম সেমি-ফাইনালে তারা খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে। আর দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ওয়েলস ও বসনিয়া-হার্জেগোভিনা।
এই দুই সেমি-ফাইনালের জয়ী দল লড়বে ফাইনালে এবং এই ম্যাচের বিজয়ী পাবে বিশ্বকাপের টিকেট।
ইউরোপের মূল বাছাইপর্ব থেকে ১২ গ্রুপের সেরা দলগুলো সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। গ্রুপগুলোর ১২টি রানার্সআপ ও উয়েফা নেশন্স লিগ থেকে আসা চারটি দল মিলে হবে এই প্লে-অফ।
এই ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিটি গ্রুপের বিজয়ী পাবে বিশ্বকাপের টিকেট।
ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড যেমন এসেছে উয়েফা নেশন্স লিগ থেকে। মূল বাছাইয়ে তারা জার্মানি ও স্লোভাকিয়ার পেছনে থেকে ‘এ’ গ্রুপের তৃতীয় হয়।
প্লে-অফে ‘বি’ গ্রুপের প্রথম সেমি-ফাইনালে লড়বে ইউক্রেইন ও সুইডেন এবং দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবে পোল্যান্ড ও আলবেনিয়া।
একইভাবে ‘সি’ গ্রুপের সেমি-ফাইনালে মুখোমুখি হবে তুরস্ক ও রোমানিয়া এবং স্লোভাকিয়া ও কসোভো। আর ‘ডি’ গ্রুপে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ডেনমার্ক ও নর্থ মেসিডোনিয়া এবং চেক রিপাবলিক ও রিপাবলিক অব আয়ারল্যান্ড।
একই নিয়মে প্রতিটি গ্রুপের দুই সেমি-ফাইনালের বিজয়ীরা বিশ্বকাপে জায়গা পাকা করতে মুখোমুখি হবে ফাইনালে।
প্লে-অফের ম্যাচগুলো হবে আগামী মার্চে। সেমি-ফাইনালের লড়াই মাঠে গড়াবে ২৬ মার্চ এবং ফাইনাল হবে ৩১ মার্চ।
