১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নৌবাহিনী-চট্টগ্রাম আবাহনীর ড্রয়ে সেরা আটে কিংস

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগেই স্বাধীনতা কাপের কোয়ার্টার-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে অস্কার ব্রুসনের দলের।

নৌবাহিনী-চট্টগ্রাম আবাহনীর ড্রয়ে সেরা আটে কিংস

ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 09:00 PM

Updated : 31 Oct 2023, 09:00 PM

শুরুতে পাওয়া গোলটি শেষ পর্যন্ত আগলে রাখতে পারল না বাংলাদেশ নৌবাহিনী। ৭৫তম মিনিটে সমতায় ফিরল চট্টগ্রাম আবাহনী। তাদের ড্রয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই স্বাধীনতা কাপের কোয়ার্টার-ফাইনালে উঠে গেল বসুন্ধরা কিংস। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ‘ডি’ গ্রুপের ম্যাচে নৌবাহিনী ও চট্টগ্রাম আবাহনী ১-১ ড্র করে। প্রথমার্ধে সেলিম রেজা নৌবাহিনীকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। 

নৌবাহিনীকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল কিংস। ওই এক জয়েই তিন দলের এই গ্রুপ থেকে ৩ পয়েন্ট নিয়ে সেরা আটে উঠেছে শিরোপাধারীরা।

১ করে পয়েন্ট নৌবাহিনী ও চট্টগ্রাম আবাহনীর। তবে বন্দরনগরীর দলটির গ্রুপ পর্বে বাকি আছে এক ম্যাচ। আগামী বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে কিংসের। ওই ম্যাচে ড্র করতে পারলে সেরা আটের টিকেট পাবে চট্টগ্রাম আবাহনীও। 

আর চট্টগ্রাম আবাহনী বড় ব্যবধানে হারলে সুযোগ মিলবে নৌবাহিনীর। 

আশা জাগানিয়া শুরুই পেয়েছিল নৌবাহিনী। দ্বাদশ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন সেলিম রেজা। গোলরক্ষক অনেক লাফিয়েও পাননি বলের নাগাল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেয়ে নৌবাহিনী রক্ষণ সামলে রেখে খেলার দিকে মনোযোগী হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৭৫তম মিনিটে বক্সের বাইরে থেকে আসাদুল ইসলাম রাকিবের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন হেমন্ত। গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে পথ আগলে দাঁড়ালেও পারেননি বল আটকাতে। 

এ মাঠেই দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ও ফর্টিস এফসির ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে। 

টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে আছে সেনাবাহিনী। ১ করে পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফর্টিস এফসির। ৪ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস ও মোহামেডান।