১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সুয়ারেসের দুর্দান্ত গোল, কাজেমিরোর আত্মঘাতী গোল ও মেসির ফেরা

বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি, তবে ঘটনাবহুল ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 03:50 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

উত্তেজনার মুহূর্ত ম্যাচে কম ছিল না। তবে সবচেয়ে বড় গর্জন উঠল ম্যাচের ৫৩তম মিনিটে। বদলি হিসেবে তখন মাঠে নামলেন লিওনেল মেসি। অসাধারণ এক বিশ্বকাপ কাটানোর পর আর্জেন্টাইন জাদুকরের প্রথম ম্যাচ! মাঠে নামার ৪০ মিনিট পর, ম্যাচের একদম শেষ দিকে দলকে নাটকীয় জয় এনে দেওয়ার সুবর্ণ এক সুযোগ হাতছাড়া করলেন তিনি।

মেজর লিগ সকারের ঘটনাবহুল ম্যাচটিতে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি।

দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেসের চোখধাঁধানো এক গোলে ষোড়শ মিনিটে এগিয়ে যায় মায়ামি। প্রায় ৪০ গজ দূর থেকে গোলকিপারের ওপর দিয়ে চিপ করেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। সবশেষ চার ম্যাচে তার সপ্তম গোল এটি।

পরে ঘরের মাঠে অভিষেকে কাজেমিরোর আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সমতা। প্রথমার্ধের শেষ দিকে নোয়াহ অ্যালেনের গোলে আবার এগিয়ে যায় মায়ামি। ৮৪তম মিনিটে ব্রাইস মেন্ডেসের গোলে ম্যাচ শেষ হয় ড্রয়ে।

বৈরি আবহাওয়ার কারণে খেলা শুরু হয় ৪০ মিনিট দেরিতে। মেসি বদলি নামলেও আর্জেন্টিনার আরেক তারকা রদ্রিগো দে পল নামেন প্রথম একাদশেই। মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে নিস্তরঙ্গ প্রথম ১৫ মিনিটের পর সুয়ারেসের সেই চমক।

প্রতিপক্ষের দুজনের বল দেওয়া-নেওয়ার মাঝে বাধা হয়ে বল কেড়ে নেন ইয়ানিক ব্রাইট। তার পা ছুঁয়ে আসা বলে আচমকাই অনেক দূর থেকে চিপ করেন সুয়ারেস। হয়তো চোখের কোণে তিনি খেয়াল করেছিলেন, গোলকিপার বেশ এগিয়ে আছে। একদম মাপা বাঁকানো শট গোলকিপারের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে এক ড্রপে আশ্রয় নেয় জালে।

চলতি লিগে উরুগুয়ের ফরোয়ার্ডের দশম গোল এটি।

২৪তম মিনিটে সুয়ারেসের নান্দনিক পাস থেকেই গোলের সুযোগ হারান ড্যানিয়েল পিন্টার। দশ মিনিট পর গোলমুখে পিন্টারের শটই ব্লক হয়ে যায় কলম্বাসের রক্ষণভাগে।

৩৪তম মিনিটে সমতায় ফেরে কলম্বাস। মায়ামি নিজেদের অর্ধে বলের আদান-প্রদানে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারায়। সেই আক্রমণ থেকে বক্সের ডান প্রান্ত দিয়ে বল ভেতরে বাড়ান উগো পিকাহ। সামনে পা বাঁড়িয়ে ব্লক করার চেষ্টা করেন কাজেমিরো। তার পায়ে লেগে বল চলে যায় পোস্ট ঘেঁষে জালে। গোলকিপার রোকো রিওস নোভো ডাইভ দিয়েও নাগাল পাননি।

প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সুয়ারেসের চিপে বেশ দূর থেকে হেডে বল জালে গড়ান অ্যালেন। সহকারী রেফারি যদিও সুয়ারেসকে অফসাইড ধরেছিলেন। তবে ভিএআর দেখে গোল বহাল রাখেন রেফারি।

৫২তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি সুয়ারেস। পরের মিনিটে মাঠে নামেন মেসি। কয়েক সেকেন্ড পরই বাঁ প্রান্ত দিখে বক্সে ঢুকে পড়েন তিনি। তবে জটলার ভেতর থেকে বল মারেন বাইরের জালে।

মিনিট তিনেক পর আরেকটি সুযোগ পান আর্জেন্টাইন তারকা। এবার বুক দিয়ে বল নামিয়ে বাঁ পায়ে শট নিলেও তা অল্পের জন্য বাইরে চলে যায়।

৬৬তম মিনিটে কলম্বাসের সেকু বাঙ্গুরার দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইনের ঠিক সামনে ড্রপ খেয়েও ভেতরে ঢোকেনি।

৮০ম মিনিটে মেন্ডেসের শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়। চার মিনিট পরই গোলের খাতায় নাম ওঠে তার। স্প্যানিশ ফুটবলারের বাম পায়ের মাপা ফ্রি কিকে মাথা ছোঁয়াতে লাফিয়ে ওঠেন বেশ কজনই। তবে সবার ওপর দিয়ে গোলকিপারকে বিভ্রান্ত করে বল চলে যায় জালে।

যোগ করার সময়ে পরপর দুটি সুযোগ হারান মেসি। প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে আসা বলে ফাঁকায় একদম কাছ থেকে হেড করার সুযোগ পান তিনি। কিন্তু তার হেড বাইরে দিয়ে চলে যায়। পরের মিনিটেই বক্সের ভেতর থেকে তার ডান পায়ের শট একটু ওপর দিয়ে উড়ে যায়।

১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দুইয়ে রয়ে গেল মায়ামি। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।