২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘কোনো দল যদি এই ব্যবধান ঘোচাতে পারে, সেটা রেয়াল মাদ্রিদ’

বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে হেরে গেলেও, রেয়াল মাদ্রিদকে সেমি-ফাইনালে দেখছেন পর্তুগিজ গ্রেট।

‘কোনো দল যদি এই ব্যবধান ঘোচাতে পারে, সেটা রেয়াল মাদ্রিদ’
লুইস ফিগো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 05:44 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালেই রেয়াল মাদ্রিদের পথের শেষ, এমনটা মনে করছেন না লুইস ফিগো। প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারলেও, নিজের সাবেক দলকে সেমি-ফাইনালে দেখছেন এই পর্তুগিজ গ্রেট। তার মতে, কোনো দল যদি জার্মান চ্যাম্পিয়নদের মাঠে চিত্রটা বদলাতে পারে তো সেটা রেয়াল।   

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত মঙ্গলবারের ২-১ গোলের পরাজয়ে শঙ্কায় আছে প্রতিযোগিতার সফলতম দলটি। টিকে থাকতে তাদের জিততেই হবে বায়ার্নের মাঠে। খেলা শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায়। 

বেটফেয়ারের একটি ইভেন্টে এই ম‍্যাচ নিয়ে ফিগো বললেন, চ‍্যাম্পিয়ন্স লিগে রেয়ালের ইতিহাসই আশা দেখাচ্ছে তাকে। 

“কোনো সন্দেহ নেই, এটা কঠিন একটি লড়াই। ২-১ গোলের ব‍্যবধান ঘুচিয়ে দেওয়া কঠিন। তবে কোনো দলের যদি এটা করার গরিমা ও মান থাকে, তো সেটা রেয়াল মাদ্রিদ। প্রথম লেগের ফলের পরও আমি বিশ্বাস করি, তারা সেমি-ফাইনালে যেতে পারে।”

ফিগো মনে করেন, মিউনিখে গোলেমুখে কার্যকারিতা ম‍্যাচের ভাগ‍্য নির্ধারণ করে দিতে পারে। তার বিশ্বাস, ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারেন। 

“এই ধরনের ম‍্যাচে, ফিনিশিংয়ে নিখুঁত হওয়া অপরিহার্য। ভিনিসিউস ও এমবাপে কার্যকর হতে পারলে ইতিবাচক ফল পাওয়া সহজ হবে। তবে অনেক ভোগান্তি এড়াতে এবং যত দ্রুত সম্ভব ম‍্যাচের নিয়ন্ত্রণ নিতে বায়ার্নের আক্রমণভাগকে সামলানোও হবে সমান গুরুত্বপূর্ণ।”

ফের বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে টানা তিন ম‍্যাচে জয়শূন‍্য রেয়াল। লা লিগায় মায়োর্কার বিপক্ষে হারের পর, ড্র করেছে জিরোনার বিপক্ষে। মাঝে ইউরোপ সেরার মঞ্চে হেরেছে বায়ার্নের বিপক্ষে।

সবশেষ ম‍্যাচে জিরোনার বিপক্ষে ১-১ ড্রকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না রেয়ালের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানো। 

মুভিস্টার প্লাস দেপোর্তেসের সঙ্গে আলাপচারিতায় ভালদানো দাবি করলেন, জিরোনা ম‍্যাচকে ততটা গুরুত্ব দেয়নি আলভারো আরবেলোয়ার দল।

“আমরা উদাহরণ হিসেবে জিরোনা ম‍্যাচকে নিতে পারি না। সেই ম‍্যাচ থেকে রেয়ালের পাওয়ার তেমন কিছু ছিল না এবং বার্সেলোনার চেয়ে তারা ৭ পয়েন্টে পিছিয়ে ছিল।” 

জিরোনার বিপক্ষে পয়েন্ট হারানোর পর লা লিগায় এখন ৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে রেয়াল। চ‍্যাম্পিয়ন্স লিগে তাদের অন‍্য চেহারায় দেখার অপেক্ষায় আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ভালদানো।

“এই ম‍্যাচে রেয়াল মাদ্রিদের নিজেদের নিংড়ে দিতে হবে। তারা অ্যাওয়ে ম্যাচে অসাধারণ এক দলের বিপক্ষে খেলবে। তবে আমি এখনও এই লড়াইয়ে রেয়াল মাদ্রিদের সম্ভাবনা দেখছি।”

“রেয়াল মাদ্রিদ যখন লা লিগায় নিজেদের কঠিন অবস্থায় পায়, তখনই ইউরোপীয় প্রতিযোগিতায় তারা সেরা প্রতিক্রিয়া দেখায়। তাই আমি তাদের ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।”