Published : 28 Aug 2026, 07:00 PM
বার্সেলোনায় যেতে চান হুলিয়ান আলভারেস, কিন্তু তাকে কিছুতেই কাতালান ক্লাবটিতে যেতে দিবে না আতলেতিকো মাদ্রিদ- সবকিছু মিলিয়ে মাদ্রিদের ক্লাবটিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ফুটবল জীবন ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। এর মাঝেই আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে জানালেন, মালাগার বিপক্ষে তাদের আসছে ম্যাচে খেলবেন না আলভারেস।
তবে সিমেওনে একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেছেন, সব ঝামেলা মিটে যাওয়ার পর চলতি মৌসুমেই তার দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আলভারেস।
টানা তৃতীয় দিনের মতো শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করেননি আলভারেস। এতে ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার চলতি গ্রীষ্মের দলবদল শেষ হওয়ার আগেই আতলেতিকো ছাড়তে হয়তো চাপ দেওয়ার চেষ্টা করছেন তিনি।
সেসব নিয়ে অবশ্য কোনোরকম নেতিবাচক কিছু ভাবতে চাচ্ছেন না সিমেওনে। শুক্রবার সংবাদ সম্মেলনে অন্তত সেরকমই বললেন তিনি।
“এক্ষেত্রে আমার অবস্থান স্পষ্ট। ক্রীড়াসুলভ দৃষ্টিভঙ্গিতে, আমি তাকে সর্বোচ্চ উপায়ে সাহায্য করতে চাই যেন সে আগামী দিনগুলোতেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে থাকে। তবে অবশ্যই, হুলিয়ান আগামীকালকে ম্যাচে থাকবে না।
“হুলিয়ান যখন আমাদের সঙ্গে অনুশীলনে ফিরবে, তখন আমরা তাকে সবকিছু দিব যেমনটা আগেও আমরা তাকে সবকিছু দিয়ে সাহায্য করেছি, যেন সে এখানে নিজেকে দলের গুরুত্বপূর্ণ একজন অনুভব করে।”
আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জিততে এবং গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে উঠতে সাহায্য করা আলভারেস এবারের আসর চলার মাঝে বলেন, তিনি তার ‘স্বপ্ন পূরণ করতে’ সম্ভাব্য দলবদল নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলেছেন। সেই থেকেই ক্লাবের সমর্থকদের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে।
সময়ের সঙ্গে সেই তিক্ততা আরও বেড়েছে। ঘরের মাঠে গত রোববার লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ২-২ ড্র ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় আলভারেসকে দুয়ো দেওয়া হয়। বদলি খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণার সময়, ৬৬তম মিনিটে তার মাঠে নামার সময়ও দুয়োধ্বনি শোনায় এবং তা কেবল জোরালই হচ্ছিল। তাকে সেদিন খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল।
তবে তাকে ঘিরে ক্লাবে পরিস্থিতি যাই হোক না কেন, বৃহস্পতিবার আতলেতিকোর বোর্ড পরিচালকদের সভায় সবসম্মতিক্রমে আলভারেসকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। ফলে ক্লাবটিতে আলভারেসের জন্য সামনের পরিস্থিতি যে আরও অসহনীয় হয়ে উঠবে, তা বলাই যাবে এবং সেটা এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।
এদিকে স্প্যানিশ গণমাধ্যমে নতুন গুঞ্জন ছড়িয়েছে যে, আলভারেস এখন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দিতে পারেন।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দিয়ে দলটির হয়ে ১০৭ ম্যাচ খেলে ৪৯টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন আলভারেস।