Published : 15 Aug 2026, 03:57 PM
প্রিমিয়ার লিগে দুই দশকের বেশি সময়ের শিরোপা খরা যার হাত ধরে ঘুচেছে, যার কোচিংয়ে দল আবারও উঠে এসেছে শীর্ষ কাতারে, সেই মিকেল আর্তেতাকে স্বাভাবিকভাবেই আরও অনেক বছর ধরে রাখতে চাইবে আর্সেনাল। তবে এই স্প্যানিয়ার্ডের চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে, অনিশ্চয়তা তাই বাড়ছে। আর্তেতা অবশ্য সমর্থকদের এ বিষয়ে একদমই দুশ্চিন্তা করতে মানা করলেন।
আর্সেনালের সঙ্গে আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত। যদিও, ৪৪ বছর বয়সী এই কোচ শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, তিনি এখানে খুব ভালো আছেন, এখানেই থাকতে চান।
ধারণা করা হচ্ছিল, চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া আগেই সেরে ফেলবেন আর্তেতা; তবে দুই পক্ষই গ্রীষ্মের দলবদলে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়- ইএসপিএনের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে ওই সময়ের পথহারা এক আর্সেনাল দলের দায়িত্ব নেন আর্তেতা। ধীরে ধীরে দলকে গুছিয়ে তোলেন তিনি, তার কোচিংয়ে ধারাবাহিকভাবে উন্নতি হতে থাকে দলটির। এরপর, প্রিমিয়ার লিগে টানা তিনবার রানার্সআপ হওয়ার পর, গত বছর শেষ হয় অপেক্ষা, ২২ বছর পর তারা উঁচিয়ে ধরে লিগ ট্রফি।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবেই রোববার নতুন মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে নামবে আর্সেনাল। সেখানে তাদের প্রতিপক্ষ এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
ম্যাচটির একদিন আগে নিজের ভবিষ্যৎ নিয়ে সব অনিশ্চয়তা ঝেরে ফেললেন আর্তেতা।
“এসব নিয়ে তাদের (সমর্থকদের) দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ আমি এখানে থাকতে চাই। এখানে আমি খুব খুশি। এখানে যাদের সঙ্গে আমি কাজ করি, তাদের সঙ্গে করতে পেরে আমি কৃতজ্ঞ এবং সময়-সুযোগ হলেই আমরা এটা (চুক্তির কাজ) সেরে ফেলব।
“আমার মতে, সবসময়ই কোনো একটা বিষয়ের অগ্রাধিকার থাকে! এবং সেভাবেই আমরা এই বিষয়টা দেখছি, আমার তেমনটাই মনে হয়। কারণ সবাই বেশ স্বস্তিতে আছে, চুক্তির সময় নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না।”
শেষে আরেক দফা তিনি জোর দিয়ে বলে দিলেন, থাকতে চান এখানেই।
“আমার ইচ্ছা নিশ্চিতভাবেই এখানে থাকা এবং এখানে আমি খুব ভালো আছি। আমার মনে হয়, ক্লাবের ভাবনাও একইরকম। তাই কেউই বিষয়টা নিয়ে তাড়াহুড়ো করছে না।”