১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-স্পেনকে ভয় পায় না ফ্রান্স, বললেন সালিবা

আগামী বিশ্বকাপে এই দুই দলের বিপক্ষেই প্রতিশোধ নিতে চান ফরাসি ডিফেন্ডার।

আর্জেন্টিনা-স্পেনকে ভয় পায় না ফ্রান্স, বললেন সালিবা
আর্সেনালের ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

আগামী বছরের বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনা কিংবা ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন স্পেন কোনো দলের মুখোমুখি হওয়ার ব্যাপারেই 'ভীত নয়' ফ্রান্স। ফরাসি এই ডিফেন্ডারের বিশ্বাস, যে কোনো দলকে হারানোর সামর্থ‍্য আছে তাদের। 

বিশ্বকাপের ইতিহাসের সেরা ম‍্যাচের একটি হিসেবে বিবেচিত ২০২২ আসরের ফাইনাল, সেই ম্যাচের টাইব্রেকারে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় ফ্রান্স। আর গত বছরের ইউরোয় সেমি-ফাইনালে দিদিয়ে দেশমের দলকে বিদায় করা স্পেন শেষ পর্যন্ত জেতে শিরোপা। চলতি বিশ্বকাপ বাছাইয়ে কোনোরকম অঘটনের শিকার না হলে আগামী বিশ্বকাপে তারা নিশ্চিতভাবেই থাকবে ফেভারিটের তালিকায়।   

আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আগেই। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বও শেষ এরই মধ‍্যে। ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব এখনও চলছে। আগামী শুক্রবার এই প্রতিযোগিতায় আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। এর আগের দিন সংবাদ সম্মেলনে স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনা নিয়ে বললেন সালিবা।    

“বিশ্বকাপ শুরু হতে এখনো আট মাস বাকি। হ্যাঁ, এটা সত‍্যি যে, স্পেন ও আর্জেন্টিনা গত দুটি বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে। কিন্তু আমরা তাদের ভয় পাই না। আশা করি, আমরা চূড়ান্ত পর্বে যাব এবং বিশ্বকাপে প্রতিশোধ নিতে পারব।”

“ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। সবাই সেখানে খেলতে চায়। এর চেয়ে বড় কিছু নেই। আমরা সবাই সেটার অপেক্ষায় আছি।”

চোটের কারণে গত মাসে বাছাইয়ে ইউক্রেইন ও আইসল্যান্ডের বিপক্ষে ছিলেন না সালিবা। আর্সেনাল ডিফেন্ডার এবার ফিরেছেন নতুন উদ্যমে।

“চোট সব সময়ই বিরক্তিকর। ফ্রান্স দলে প্রতিযোগিতা ভীষণ কঠিন। আজ আমি ফিরেছি, আমরা দেখব এটা কেমন যায়।”

বাছাইপর্বের ‘ডি’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। শুক্রবার পিএসজির মাঠে আজারবাইজানের বিপক্ষে খেলবে তারা, তিন দিন পর মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা আইসল্যান্ডের।