২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভিনিসিউসের উপর কতটা নির্ভরশীল রেয়াল বললেন কোচ

কিলিয়ান এমবাপে, রদ্রিগো, জুড বেলিংহ‍্যামদের অনুপস্থিতিতে আক্রমণভাগে বলতে গেলে একাই সব চাপ সামলাতে হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

ভিনিসিউসের উপর কতটা নির্ভরশীল রেয়াল বললেন কোচ
রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 10:52 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইয়ে ভিনিসিউস জুনিয়রের উপর কতটা নির্ভরশীল রেয়াল মাদ্রিদ? প্রশ্নটা যে আসবে যেন জানতেন আলভারো আরবেলোয়া। কিলিয়ান এমবাপে, রদ্রিগো, জুড বেলিংহ‍্যামদের অনুপস্থিতিতে যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উপর দল অনেকখানি নির্ভরশীল স্বীকার করে নিলেন তিনি। বললেন, সিটিকে এবার হারাতে ভিনিসিউসের সেরাটা প্রয়োজন হবে তাদের।

চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সিটির মুখোমুখি হবে রেয়াল। বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই। আগের দিন সংবাদ সম্মেলনে সান্তিয়াগো বের্নাবেউয়ে জিততে সেরা ফুটবলের দিকে তাকিয়ে থাকার কথা বললেন আরবেলোয়া।

“এই লড়াই ভিনিসিউসের উপর কত শতাংশ নির্ভর করছে? আপনার কাছে এই প্রশ্ন আমার প্রত‍্যাশিত ছিল। মাঠে যে থাকবে সেই আমাদের জন‍্য গুরুত্বপূর্ণ হবে, ভিনিসিউসও তাই।”

“আমাদের দলে অনেকেরই চোট এবং সে নিজের কাঁধে অনেক বেশি দায়িত্ব নিচ্ছে। আক্রমণে সেই আমাদের মূল অস্ত্র, যেটা আপনারাও প্রত‍্যাশা করেন। ম‍্যানচেস্টার সিটিকে এবার হারাতে হলে ভিনিসিউসকে তার সেরা অবস্থায় পেতে হবে আমাদের।”

কেবল আক্রমণভাগ নয়, চোট সমস‍্য মাঝমাঠ ও রক্ষণেও ভোগাচ্ছে রেয়ালকে। সিটির বিপক্ষে লড়াইয়ে পরীক্ষিত খেলোয়াড়দের মাঠে নামেন কোচ নাকি বাজি ধরবেন যুব দলের খেলোয়াড়দের উপর?

“আমার মনে হয়, আমরা সবাই একমত যে, সেল্তা ভিগোর বিপক্ষে আমাদের যুব দলের খেলোয়াড়রা দেখিয়েছে যে তারা এগিয়ে আসতে ভয় পায় না। তবে আপনি যখন এখানে বসে থাকবেন তখন একজন অ‍্যাকাডেমি খেলোয়াড়ের উপর আস্থা রাখা সহজ নয়, যেটা সবার বুঝতে হবে। কারণ, বিশ্বের সেরা খেলোয়াড়রা এখানে আছে। আর যুব দলের একজন খেলোয়াড়কে খেলাতে হলে তাদের কাউকে বসাতে হবে, এটা সহজ নয়। তবে তাদের উপর আমার আস্থার কমতি নেই। তারা আগামীকালকের ম‍্যাচের মতো লড়াইয়ের জন‍্য তৈরি, সেটা তারা এরই মধ‍্যে দেখিয়েছে।”