২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আতলেতিকোয় রাসপাদোরির দুর্দশা দূর করল আতালান্তা

নতুন ঠিকানায়ও দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন এই ইতালিয়ান ফরোয়ার্ড।

আতলেতিকোয় রাসপাদোরির দুর্দশা দূর করল আতালান্তা
আতালান্তায় দীর্ঘমেয়াদী চুক্তিতে জাকোমো রাসপাদোরি। ছবি: আতালান্তা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 06:38 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

নাপোলি ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন জাকোমো রাসপাদোরি। কিন্তু স্প্যানিশ ক্লাবটিতে মূদ্রার উল্টো পিঠ দেখতে হয় তাকে; সাদামাটা পারফরম্যান্সে কখনোই দলটিতে জায়গা পাকা করতে পারেননি তিনি। অবশেষে, এবার বুঝি তার কঠিন সময় থেকে ‘মুক্তি মিলল।’ ইতালিয়ান এই ফরোয়ার্ডকে দলে নিয়েছে আতালান্তা।

ক্যারিয়ারের শুরু থেকে স্বদেশের ক্লাবেই খেলছিলেন রাসপাদোরি। সাস্সুয়োলো হয়ে যোগ দেন নাপোলিতে। সেখানে দুটি সেরি আ জয়ের স্বাদ নিয়ে গত অগাস্টে পাঁচ বছরের চুক্তিতে নাম লেখান আতলেতিকোয়; কিন্তু দলটিতে কোচ দিয়েগো সিমেওনের আস্থা অর্জন করতে পারেননি ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

আতলেতিকোয় সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে মাত্র দুটি গোল করতে পারেন রাসপাদোরি। সেখানে পাঁচ মাসের একটু বেশি সময়ের ভোগান্তি শেষে, নিজ দেশের ক্লাবে ফিরলেন তিনি। 

রাসপাদোরির সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে নাপোলি। ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য জানানো হয়নি কিছু। তবে গণমাধ্যমের খবর, চুক্তির অঙ্কটা প্রায় আড়াই কোটি ইউরো।

এবারের সেরি আয় ২০ রাউন্ড শেষে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে আতালান্তা।