১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টানাপোড়েনের মাঝেই আতলেতিকোর অনুশীলনে আলভারেস

আলভারেসকে নিয়ে জটিলতা পুরোপুরি শেষ করতে খুব বেশি সময় বাকি নেই আতলেতিকো মাদ্রিদের হাতে।

টানাপোড়েনের মাঝেই আতলেতিকোর অনুশীলনে আলভারেস
আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 06:25 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

হুলিয়ান আলভারেসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। তবে অন্তত একটা ইতিবাচক খবর এসেছে, তিন দিন পর দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার।

তাকে পেতে মরিয়া বার্সেলোনা। সেখানে যেতে আগ্রহী এই আর্জেন্টাইনও। আতলেতিকোকে না জানিয়ে আগেভাগে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করে কাতালান ক্লাবটি, আর এতে চটে যায় আতলেতিকোর কর্তারা। আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেয় তারা।

অনেক রকম গুঞ্জনের মাঝে, গত বৃহস্পতিবার মাদ্রিদের ক্লাবটির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, তারা কিছুতেই বার্সেলোনার কাছে আলভারেসকে বিক্রি করবে না। এদিকে আলভারেসও দলের অনুশীলনে যোগ দিচ্ছিলেন না। সব মিলিয়ে, পরিস্থিতি আরও জটিল হচ্ছিল।

লা লিগায় শনিবার সেভিয়ার বিপক্ষে দলের ৩-১ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডেই ছিলেন আলভারেস।

সেখানে এবার তার অনুশীলনে যোগ দেওয়ার খবরে সবকিছুর একটা মীমাংসা হওয়ার ইঙ্গিত মিলছে। আতলেতিকোর পুরুষ পেশাদার ফুটবলের পরিচালক মাতেও আলেমানি তেমন আশার কথাই শোনালেন।

“পরিকল্পনা একদম পরিষ্কার। করেয়কদিন হুলিয়ান ভালো বোধ করছিল না। গতকাল সে অনুশীলন করেছে এবং আমরা আশা করি, দ্রুতই সে মূল কাজে ফিরবে এবং লা লিগায় আগামী ম্যাচে খেলবে। আমি স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলছি।”

আগামী মঙ্গলবার গ্রীষ্মের দলবদলের সময় শেষ হবে। তাই এই পর্যায়ে আলভারেসের জটিলতা পুরোপুরি শেষ করতে খুব বেশি সময় নেই।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দিয়ে অল্প সময়েই ক্লাবটির গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠেন আলভারেস। দলটির হয়ে ১০৭ ম্যাচ খেলে ৪৯টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করা তারকাকে আর্সেনাল কিনতে চায়, এমন খবরও মাঝে শোনা যায়।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে আছে আতলেতিকো।