Published : 13 Aug 2026, 10:32 PM
অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর, একটি মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েন ইউরি টিলেমান্স। সাবেক ক্লাবকে ‘ছোট করে’ কথা বলার জন্য এবার দলটির সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।
চলতি গ্রীষ্মের দলবদলে ওল্ড ট্র্যাফোর্ডের দলটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন ২৯ বছর বয়সী টিলেমান্স। চুক্তিতে থাকা ৩ কোটি ৫০ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ সক্রিয় করে তাকে দলে নেয় ইউনাইটেড।
২০২৩ সালে লেস্টার সিটি থেকে ভিলায় যোগ দেন টিলেমান্স। তিন বছর ভিলা পার্কে কাটিয়ে ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচ খেলে ১০ গোল করেন তিনি।
ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের সময় ভিলার প্রশংসা করে টিলেমান্স বলেছিলেন, ক্লাবটি তাকে ‘সেরা অবস্থায় ফিরতে’ সাহায্য করেছে। এরপর তিনি বলেন, “তবে ভিলার চেয়ে বড় ক্লাব আছে, আর ম্যানচেস্টার ইউনাইটেড তাদের একটি।”
টিলেমান্সের ওই মন্তব্য ভিলার সমর্থকদের একটি অংশের ভালো লাগেনি। পরিস্থিতি সামাল দিতে এবং বিষয়টি পরিষ্কার করতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। ভিলা সমর্থকদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমাও চান এই ফুটবলার।
“গতকাল সংবাদমাধ্যমে বলা আমার কথাগুলো কোনোভাবেই কাউকে বা অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ছিল না। ক্লাবটির প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং গত ৩ বছরের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
তবে আমাকে আমার ভুলটি মেনে নিতে হবে এবং শব্দচয়নের জন্য ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে আরও সতর্ক থাকব। ভবিষ্যতের জন্য ক্লাবটির প্রতি শুভকামনা।”