১১ বছর পর পিএসজিতে ফিরলেন দিনিয়ে
অ্যাস্টন ভিলা থেকে তিন বছরের চুক্তিতে এই ফরাসি ডিফেন্ডারকে দলে নিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
ইংলিশ ফুটবল ছেড়ে পুরোনো ঠিকানায় ফিরেছেন লুকা দিনিয়ে। অ্যাস্টন ভিলা থেকে তিন বছরের চুক্তিতে এই ফরাসি ডিফেন্ডারকে দলে নিয়েছে পিএসজি।
টানা দুইবারের ইউরোপ চ্যাম্পিয়নরা রোববার এক বিবৃতিতে এই দলবদলের কথা জানায়।
পিএসজি ছাড়ার ১১ বছর পর ফরাসি রাজধানীতে ফিরলেন ৩৩ বছর বয়সী এই লেফট-ব্যাক। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ক্লাবটিতে দুই মৌসুম কাটিয়ে দুটি লিগ আঁসহ আরও কয়েকটি শিরোপা জেতেন তিনি।
দিনিয়ের পেশাদার ক্যারিয়ার শুরু হয় লিলে। এরপর যোগ দেন পিএসজিতে। পরে এক মৌসুম ধারে কাটান রোমায়। ২০১৬ সালে পাড়ি জমান বার্সেলোনায়। দুই মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলেন ৪৬ ম্যাচ। কাম্প নউয়ে একটি লা লিগা, দুটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ জেতেন তিনি।
২০১৮ সালে তিনি এভারটনে যোগ দেন। সেখানে সাড়ে তিন বছর কাটিয়ে যোগ দেন অ্যাস্টন ভিলায়। এখানে উনাই এমেরির কোচিংয়ে তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন এবং ২০২৬ সালে ইউরোপা লিগ জিততে সাহায্য করেন। এই ক্লাবে সাড়ে চার বছরে ১৮২ ম্যাচ খেলেন তিনি।
ইংল্যান্ডে আট বছর কাটানোর পর এখন নিজ দেশের ফুটবলে ফিরলেন দিনিয়ে।
