১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারল জার্মানি

টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে নামার অপেক্ষায় ইউলিয়ান নাগেলসমানের দল।

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারল জার্মানি
দলের দ্বিতীয় গোল করার পর সতীর্থদের সঙ্গে লেরয় সানের উদযাপন (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 06:32 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

লড়াই হলো জমজমাট। গোলের জন্য যুক্তরাষ্ট্র শট নিল বেশি। তবে দুই অর্ধে দুই গোল করে জয় তুলে নিল জার্মানি।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে শনিবার ২-১ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

শিকাগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে নেন কাই হাভার্টজ। জসুয়া কিমিখের ফ্রি-কিকে হেডে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড।

৩৭তম মিনিটে দর্শনীয় এক গোলে সমতা টানেন অ্যান্টনি রবিনসন। যুক্তরাষ্ট্রের কর্নার হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। বক্সের বাইরে থেকে বুলেট গতির ভলিতে ঠিকানা খুঁজে নেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার।

৫৭তম মিনিটে আবার এগিয়ে যায় জার্মানি। বক্সে হাভার্টজের পাসে বাঁ পায়ের শটে গোলটি করেন লেরয় সানে। এটিই গড়ে দেয় ব্যবধান।

বিশ্বকাপের স্বাগতিক তিন দেশের একটি যুক্তরাষ্ট্র ম্যাচে ৫২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে। জার্মানির ১২ শটের চারটি লক্ষ্যে ছিল। 

দুই দলের জন্যই বিশ্বকাপের আগে শেষ ম্যাচ ছিল এটি। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ১৪ জুন রাতে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে খেলবে জার্মানি।

আরও পড়ুন-

বদলি নেমে ব্রাজিলের নায়ক এন্দ্রিক

কেইনের গোলে বিশ্বকাপের আগে জয়ে ফিরল ইংল্যান্ড

বিশ্বকাপের আগে পর্তুগালের দারুণ জয়