০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নেইমারের ১৫ বছর আগের স্মৃতি, অপরাজেয় ব্রাজিল, স্কটল্যান্ডের ‘অভিশাপ’

বিশ্ব মঞ্চে আরও একবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড।

নেইমারের ১৫ বছর আগের স্মৃতি, অপরাজেয় ব্রাজিল, স্কটল্যান্ডের ‘অভিশাপ’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 09:40 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

বিশ্বকাপের নকআউট পর্বে চোখ রেখে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড।

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায়। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে লড়বে মরক্কো ও হাইতি।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে মরক্কো। একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। দুই ম্যাচ হেরে হাইতির বিদায় নিশ্চিত হয়ে গেছে।

আসন্ন ম্যাচের আগে দেখে নেওয়া যাক ব্রাজিল ও স্কটল্যান্ডের কিছু পরিসংখ্যান: 

৫

এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দল দুটি। ১৯৭৪ থেকে বিশ্বকাপে তাদের চেয়ে বেশিবার মুখোমুখি হয়েছে শুধু আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস (৬ বার)। 

১৯৭৪ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় গোলশূন্য ড্রয়ের পর থেকে, পরবর্তী তিন ম্যাচেই জিতেছে ব্রাজিল (১৯৮২ সালে ৪-১ গোলে, ১৯৯০ সালে ১-০ গোলে ও ১৯৯৮ সালে ২-১ গোলে)। 

১০

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল যেন স্কটল্যান্ডের জন্য অভিশাপ। কখনও জয়ের স্বাদ না পেয়ে স্কটিশরা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ব্রাজিলের বিপক্ষেই (১০ ম্যাচে ২ ড্র, ৮ হার)। অন্যদিকে, কোনো দলের বিপক্ষে না হেরে ব্রাজিলের সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির এটি, যৌথভাবে। অস্ট্রিয়ার বিপক্ষেও ১০ ম্যাচে অপরাজিত সেলেসাওরা (৭ জয়, ৩ ড্র)।

১৫

ব্রাজিলের হয়ে নেইমার প্রথম জোড়া গোল করেন ১৫ বছর আগে এই স্কটল্যান্ডদের বিপক্ষে। ২০১১ সালের মার্চে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে দলের ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন তিনি।

সেই সময়ের তরুণ নেইমার এখন ব্রাজিলের রেকর্ড স্কোরার। আর স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচটি দিয়ে চলতি বিশ্বকাপে প্রথম ও প্রায় তিন বছর পর ব্রাজিলের হয়ে খেলতে নামবেন ৩৪ বছর বয়সী তারকা। 

৮

বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে খেলা আট ম্যাচে কখনও জিততে পারেনি স্কটল্যান্ড (২ ড্র, ৬ হার)।

২০

এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে গোলের জন্য ২০টি শট নিয়েছে ব্রাজিল (মরক্কোর বিপক্ষে ১২টি ও হাইতির বিপক্ষে ৮টি। ম্যাচপ্রতি গড় শটের সংখ্যা ১০, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের এক আসরে তাদের সর্বনিম্ন। 

৬

ভিনিসিউস জুনিয়র সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের হয়ে সবশেষ পাঁচ ম্যাচে ছয়টি গোলে অবদান রেখেছেন (৩ গোল, ৩ অ্যাসিস্ট) এবং এখন পর্যন্ত গ্রুপ পর্বের দুটি ম্যাচেই গোল করেছেন।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম রাউন্ডের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন কেবল চার জন খেলোয়াড় এবং প্রতিবারই দলটি শিরোপা জিতেছে - ১৯৭০ সালে জাইরজিনিয়ো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো ও রিভালদো।