১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঘরোয়া ট্রেবল থেকে সিটিকে এখনও ‘অনেক দূরে’ দেখছেন গুয়ার্দিওলা

মৌসুমের শেষভাগে দারুণ ছন্দে এগিয়ে চললেও, ঘরোয়া ট্রেবল নিয়ে এখনই কথা বলতে চান না ম‍্যানচেস্টার সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 04:06 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

নিজেদের গুছিয়ে নিয়ে ম‍্যানচেস্টার সিটি এখন ছুটছে ঘরোয়া ট্রেবলের দিকে। এফএ কাপের ফাইনালে দলটি জায়গা করে নেওয়ার পর, যে আলোচনা উচ্চকিত হয়েছে আরও। তবে তাতে যোগ দিচ্ছেন না পেপ গুয়ার্দিওলা। সিটি কোচের মতে, তার দল এখনও ঘরোয়া ট্রেবল থেকে ‘বহু দূরে।’

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার প্রথম সেমি-ফাইনালে সাউথ‍্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে সিটি। প্রথম দল হিসেবে এফএ কাপে টানা চতুর্থবার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।  

আগামী ১৬ মে শিরোপা নির্ধারণী ম‍্যাচে চেলসি কিংবা লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। মৌসুমে এর বাইরে কেবল পাঁচ ম‍্যাচ বাকি আছে গুয়ার্দিওলার দলের, ইংলিশ প্রিমিয়ার লিগে।

গত মার্চে লিগ কাপ জিতেছে সিটি। এতে ২০১৯ সালের মতো ফের তাদের ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে গুয়ার্দিওলার ভাবনা ভিন্ন।

“অনেক বেশি দূরের ব‍্যাপার। ফাইনালের আগে, অ‍্যাস্টন ভিলা (লিগের শেষ রাউন্ডে) ম‍্যাচের আগে আমি হয়তো বলতে পারি যে, সম্ভাবনা আছে। তবে এখন এটা অনেক দূরের ব‍্যাপার।”

“এখন এটা গুরুত্বপূর্ণ যে, খেলোয়াড়দের তিন দিন ছুটি দিতে পারব। আমি ওদের বলেছি, ফুটবল নিয়ে ভেবো না, বিশ্রাম নাও। এখন আমরা পাঁচ ম‍্যাচ ও একটি ফাইনালের মৌসুম শুরু করছি।”

৩৩ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দুই নম্বরে আছে সিটি। এক ম‍্যাচ বেশি খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।