০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

হারে নেশন্স লিগ শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল টমাস টুখেলের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 12:06 AM

Updated : 04 Oct 2026, 12:16 AM

ম্যাচের শুরুর দিকেই ক্রোয়েশিয়ার জালে গেল বল। এরপর গোল উৎসবে মেতে উঠলেন হ্যারি কেইন, বুকায়ো সাকারা। বিশাল এক জয় পেল ইংল্যান্ড।

প্রতিপক্ষের মাঠে শনিবার উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ৭-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

নিজেদের ইতিহাসে ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় হার এটিই। দলটির আগের বড় হার ছিল ৬-০ গোলে, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে, বিশ্বকাপ ফাইনালে খেলার দুই মাস পরে।

ইংল্যান্ডের হয়ে দুটি করে গোল করেছেন অধিনায়ক কেইন ও সাকা। একবার করে জালের দেখা পেয়েছেন জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন ও মর্গ্যান রজার্স।

স্পেনের বিপক্ষে হারে আসর শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল ইংল্যান্ড। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুইয়ে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। দুই ম্যাচেই হেরেছে চেকিয়া। দিনের পরের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সবকিছুতেই আধিপত্য করে ইংল্যান্ড। ৬৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের ১২ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।

অষ্টম মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। বেলিংহ্যামের পাস ডি বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে বল জালে পাঠান কেইন।

২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে গর্ডনের চমৎকার পাসে কাছের পোস্ট দিয়ে লক্ষভেদ করেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

৩৯তম মিনিটে জালের দেখা পান গর্ডন। ডান দিক থেকে জ্যারেল কুয়ান্সার ক্রস এক
ড্রপ খাওয়ার পর ছয় গজ বক্সের মুখ থেকে হেডে জালে পাঠান বার্সেলোনা উইঙ্গার।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন সাকা। বাঁ দিক থেকে বেলিংহ্যামের পাসে কাছ থেকে গোলটি করেন তিনি।

এই গোলের আগে দারুণ এক সুযোগ হারান ক্রোয়েশিয়ার মাতেও কোভাচিচ। বক্সে কয়েকজনের বাধা এড়িয়ে পোস্ট ফাঁকা পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মারেন তিনি।

৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরারের গোল হলো ৮৯টি, ১২৪ ম্যাচে।

৬৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান সাকা। আর কেইনের বদলি নেমে নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ক্রোয়েশিয়ার কফিনে সপ্তম পেরেক ঠুকে দেন রজার্স।