১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শেষ দিনে স্কোয়াডের শক্তি বাড়ানোর চেষ্টায় আর্সেনাল

দীর্ঘ ও ব্যস্ত মৌসুমের চ্যালেঞ্জ সামলাতে এর প্রয়োজন দেখছেন কোচ মিকেল আর্তেতা।

শেষ দিনে স্কোয়াডের শক্তি বাড়ানোর চেষ্টায় আর্সেনাল
আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 05:06 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

গ্রীষ্মের দলবদলের দুই দিন বাকি থাকতে হঠাৎ করেই ঠিকানা বদলে গেছে গাব্রিয়েল জেসুসের। আর্সেনালের আক্রমণভাগের শক্তি তাই কমেছে কিছুটা। সেই ঘাটতি পুষিয়ে নিতে কিংবা নতুন শক্তি জোগানোর চেষ্টায় আছে দলটি।

মৌসুমের শুরুটা দারুণ হয়েছে আর্সেনালের। ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে এফএ কমিউনিটি শিল্ড জয়ের পর, প্রিমিয়ার লিগে অভিযানের শুরুতেও বড় জয় পায় তারা। সবশেষ সোমবার লিগে দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে কিছুটা ভুগতে হলেও, বুকায়ো সাকার একমাত্র গোলে জয়ের ধারা ধরে রাখে দলটি।

লিগে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট হাল সিটি ও চেলসিরও।

সব মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিও গোল হজম করেনি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দীর্ঘ ও ব্যস্ত মৌসুমের চ্যালেঞ্জ সামলাতে স্কোয়াডের আকার ও সামর্থ্য বাড়ানোর প্রয়োজন দেখছেন কোচ মিকেল আর্তেতা।

ভিলা ম্যাচ শেষে আক্রমণভাগে নতুন খেলোয়াড় যোগ হওয়ার সম্ভাবনার প্রশ্নে আর্তেতা বলেন, “আমরা স্কোয়াডের গভীরতা বাড়ানোর চেষ্টা করছি এবং আগামীকাল (মঙ্গলবার) রাতের মধ্যে সেটা করার চেষ্টা করব।

“গত ২৪ ঘণ্টা আমি পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিলাম, কারণ আমি মনে করি আমার শক্তি ও মনোযোগ ম্যাচে থাকা উচিত। এখন আমি আবার সেদিকে (দলে নতুন খেলোয়াড় আনার বিষয়ে) মনোযোগ দেব।”

গণমাধ্যমের খবর, আতলেতিকো মাদ্রিদের তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা ভেস্তে যাওয়ায়, তার আর্সেনালের যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন শোনা গেলেও, কোনো ক্লাবের পক্ষ থেকেই তেমন কোনো কিছু বলা হয়নি।