Published : 11 Feb 2025, 07:41 PM
প্রয়োজন ছিল স্রেফ এক পয়েন্টের। স্পার্টা রটারডামের বিপক্ষে ড্র করলেই হতো পিএসভি আইন্দহোভেনের। তবে দুর্দান্ত ছন্দে থাকা দলটি নিজেদের আরেকবার মেলে ধরে রটারডামকে হারিয়ে ৬ বছরের মধ্যে প্রথমবার ঘরে তুলেছে ডাচ লিগের শিরোপা।
ঘরের মাঠে রোববার রটারডামের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়া পিএসভি ঘুরে দাঁড়ায় দারুণভাবে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় তুলে নেয় তারা।
এই জয়ে দুই রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করে পিএসভি। নেদারল্যান্ডসের শীর্ষ লিগে সবশেষ তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে।
এই নিয়ে মোট ২৫ বার লিগ শিরোপা জিতল পিএসভি। সবচেয়ে বেশি ৩৬ বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আয়াক্সের।
চলতি মৌসুমে পিটার বশের কোচিংয়ে দারুণ ধারাবাহিক পিএসভি। এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ২৮টিতেই জয় তুলে নিয়েছে তারা। এটাই এই ডাচ কোচের প্রথম লিগ শিরোপা।
লিগ চ্যাম্পিয়ন পিএসভির পয়েন্ট ৮৭। দ্বিতীয় স্থানে থাকা ফেইনর্দের ৭৫ পয়েন্ট।