২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেইনের জোড়া গোলের হ্যাটট্রিক, শীর্ষস্থান আরও মজবুত বায়ার্নের

পাঁচ গোলের লড়াইয়ে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে ভেসোঁ কম্পানির দল।

কেইনের জোড়া গোলের হ্যাটট্রিক, শীর্ষস্থান আরও মজবুত বায়ার্নের
দুই অর্ধে একটি করে গোল করেন হ্যারি কেইন। ছবি: রয়টার্স.

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 11:44 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

তিন গোল হজমের পর, শেষ দিকে দুটি শোধ করে লড়াই জমিয়ে তুলল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে নাটকীয় কিছু করে দেখাতে পারল না তারা। হ্যারি কেইনের নৈপুণ্যে জিতে বুন্ডেসলিগার শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ।

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ভেসোঁ কম্পানির দল। 

স্বাগতিকদের তিন গোলের দুটি কেইনের। লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে দুটি করে গোল করলেন তিনি।

ষোড়শ মিনিটে আলেকসান্দার পাভলোভিচের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ স্ট্রাইকার।

৭৭ ও ৮৬তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা।

গত রাউন্ডে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৫০০ গোলের মাইফলক স্পর্শ করেছিলেন কেইন। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বিশেষ সম্মাননা জানানো হয় তাকে।

চলতি মৌসুমে বুন্ডেসলিগায় কেইনের মোট গোল হলো ২৩ ম্যাচে ২৮টি।

এই জয়ে আপাতত ৯ পয়েন্টে এগিয়ে গেছে বায়ার্ন। ২৩ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে শিরোপাধারীদের ৬০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ড দিনের পরের ম্যাচে লাইপজিগের মুখোমুখি হবে।

২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ফ্রাঙ্কফুর্ট।