তুরস্কের বিপক্ষে যে দুই চ্যালেঞ্জ দেখছেন পর্তুগাল কোচ
প্রথম ম্যাচে অনেক কষ্টে জিততে পারলেও দ্বিতীয় ম্যাচে তুরস্কের সঙ্গে পরীক্ষা হবে আরও কঠিন, ধারণা পর্তুগাল কোচ রর্বের্তো মার্তিনেসের।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তো কোনোরকমে পার পাওয়া গেছে। তুরস্কের বিপক্ষে চ্যালেঞ্জটা যে আরও কঠিন, খুব ভালো করেই তা জানেন রবের্তো মার্তিনেস। তুর্কি দর্শকে গ্যালারি থাকবে টইটম্বুর, গলা ফাটিয়ে তারা প্রেরণা জোগাবেন দলকে। মাঠের ফুটবলেও গোছানো ও আগ্রাসী খেলা দিয়ে পর্তুগালকে চেপে ধরতে চাইবেন তারা। তবে পর্তুগাল কোচের বিশ্বাস, নিজেদের মতো খেলতে পারলেই প্রতিপক্ষের জোড়া শক্তিকে নিষ্ক্রিয় রাখতে পারবেন তারা।
ইউরোর ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয়ী এই দুই দল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শনিবার। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।
প্রথম ম্যাচে দুই দলের জয়ের ধরন ছিল দুইরকম। প্রাণবন্ত ও আগ্রাসী ফুটবল খেলে জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল তুরস্ক। ম্যাচে যদিও প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রবল। তবে তুরস্কের খেলার ধরনও ছিল নজরকাড়া। তারকায় ঠাসা পর্তুগাল পরিষ্কার ফেভারিট হয়েও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় পেয়েছিল কোনোরকমে। পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতা ফিরিয়েছিল তারা, পরে ম্যাচ জিতেছিল শেষ সময়ের গোলে।
তুরস্কের ম্যাচে আরও একটি ব্যাপার ছিল লক্ষণীয়। দর্শক সমর্থন ছিল তাদের পক্ষে একচেটিয়া। মনে হচ্ছিল যেন, ঘরের মাঠেই খেলছে তারা।
পর্তুগালের বিপক্ষেও তুরস্ক ঘরের মাঠের আবহ পাবেন বলেই ধারণা করে রাখছেন মার্তিনেস। তবে নিজেদের করণীয়টুকুও পর্তুগাল দল খুব ভালো করে জানেন, বললেন তাদের কোচ।
“গোটা স্টেডিয়াম অনেক উচ্চকিত থাকবে বলেই ধারণা করছি আমরা। জর্জিয়ার বিপক্ষে প্রথম জয়ের ম্যাচে গ্যালারিতে তুরস্কের সমর্থন ছিল প্রচুর। তবে মাঠের মধ্যেও তাদের খেলা যথেষ্ট শক্তিশালী এবং তা থামাতে হবে আমাদের। আঁটসাঁট থেকে তাদের প্রচেষ্টাগুলো নষ্ট করে দিতে হবে।”
“তবে আমাদেরও খেলতে হবে নিজেদের মতো। খেলার গতি নিয়ন্ত্রণ করতে হবে এবং জায়গা বানিয়ে খেলতে হবে, কারণ এটিই আমরা সবচেয়ে ভালো পারি। তুরস্ক দেখিয়েছে যে, রক্ষণ তারাও ভালো করে, তবে তাদের মূল মনোযোগ থাকে সবসময় আক্রমণে। তারা আগ্রাসী, তাদের মানসিকতা ও শরীরী ভাষা দারুণ। এখানে রহস্য বলে কিছু নেই।”
প্রথম ম্যাচে পর্তুগালের খেলা নিয়ে অনেক প্রশ্ন, আলোচনা-সমালোচনা থাকলেও কোচের অসন্তুষ্টি খুব একটা নেই। পরিসংখ্যান দিয়েই মাঠের ফুটবলে তার দলের দাপটের চিত্র তুলে ধরলেন তিনি। পাশাপাশি মার্তিনেস জানালেন, উন্নতির জায়গাগুলোও তারা উপলব্ধি করেছেন।
“ফুটবলে ফলাফলের ওজন অবশ্যই অনেক বেশি, তবে আমাদের দৃষ্টিতে… গত ম্যাচে পরিসংখ্যানে যদি ফিরে তাকাই, ৭৩ শতাংশ সময় বল ছিল আমাদের নিয়ন্ত্রণে, ১৩টি কর্ণার আদায় করেছি… খুবই ভালো ছিলাম আমরা।”
“প্রথমার্ধে আমরা যা করেছি, সেখানে উন্নতি করতে হবে। যতটা আশা করেছিলাম, তত শট আমরা নিতে পারিনি (গোলে)। তবে সবচেয়ে ইতিবাচক ছিল, গোল হজমের পর আমরা যেভাবে সাড়া দিয়েছি। খেলাটা নিয়ন্ত্রণ করেছে আমাদের দল, পরিণত খেলা খেলেছে ও মানসিকতার ছাপ রেখেছে। দলটা সময়ের সঙ্গে ভালো খেলেছে, এটাই গুরুত্বপূর্ণ। অনেক তথ্য পেয়েছি আমরা, যেখানে ফুটে উঠেছে কোথায় আমরা ভালো করেছি এবং কোথায় উন্নতি করতে হবে।”
