২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল ম্যাচে সমর্থকদের কাছে বায়ার্ন কোচের চাওয়া

গ্যালারিতে দারুণ আবহ তৈরি করে সমর্থকরা দলকে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করেন টমাস টুখেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 10:51 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

মৌসুমে প্রিয় দলের হতাশাজনক পারফরম্যান্সে মোটেও খুশি নয় বায়ার্ন মিউনিখের সমর্থকরা। এখনও অবশ্য একটি ট্রফি জয়ের আশা বেঁচে আছে তাদের। সেই লক্ষ্যে এগিয়ে যেতে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ে, বিশেষ করে ঘরের মাঠের ম্যাচে সমর্থকদের খুব করে পাশে চান টমাস টুখেল। বায়ার্ন কোচের আশা, গ্যালারিতে দারুণ আবহ তৈরি করে দলকে বাড়তি সুবিধা দেবেন ভক্তরা। 

ইউরোপ সেরার প্রতিযোগিতায় ২০২০ সালে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের পর এবারই প্রথম সেমি-ফাইনালে উঠেছে বায়ার্ন। তবে বুন্ডেসলিগায় তাদের টানা ১১ বছরের রাজত্ব গুঁড়িয়ে শিরোপা জিতে নিয়েছে বায়ার লেভারকুজেন। জার্মান কাপে তো দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘন্টা বেজে যায় বায়ার্নের।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে জসুয়া কিমিখের একমাত্র গোলে আর্সেনালকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ চারে জায়গা করে নেয় বায়ার্ন। ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম ধাপে মঙ্গলবার রেয়ালের মুখোমুখি হবে তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

আগের দিন সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে নিজেদের চাওয়ার কথা জানিয়ে দিলেন বিদায়ী কোচ টুখেল।  

“আমাদের অবিশ্বাস্য হওয়ার জন্য যথার্থ পরিবেশ দরকার। আমাদের সমর্থন করার জন্য ভক্তদের প্রয়োজন, বিশেষ করে সময়টা যখন আরও কঠিন। সমর্থকদের সঙ্গে নিয়ে এমন একটি আবহ তৈরি করতে হবে, যা আমাদের সুবিধা দেবে।”

“খেলাটা যখন রেয়াল মাদ্রিদের বিপক্ষে, তখন লড়াইটা টুর্নামেন্টের ঐতিহ্য-আবহের বিপক্ষেও। আমাদের মনোযোগ পুরোপুরি খেলায় থাকবে। আমরা সবাই দারুণ একটি ম্যাচের অপেক্ষায় রয়েছি।”

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল ও ৭টি অ্যাসিস্ট করা জামাল মুসিয়ালা বায়ার্নের গত দুই ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে। রেয়ালের বিপক্ষেও এই ফরোয়ার্ডের খেলা নিয়ে রয়েছে সংশয়। এছাড়া মিডফিল্ডার কনরাড লাইমার, ডিফেন্ডার মাটাইস ডি লিখট ও দায়দ উপামেকানোর খেলাও অনিশ্চিত।

টুখেল জানালেন, সবার অবস্থাই আরেকবার দেখতে হবে তাদের।