Published : 17 Aug 2026, 06:58 PM
মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটিকে বড় ব্যবধানে হারিয়ে জিতেছে এফএ কমিউনিটি শিল্ড ট্রফি। এমন দাপুটে পারফরম্যান্সের পরও, উচ্ছ্বাসে ভেসে না গিয়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বরং এখনও রয়ে যাওয়া কিছু ঘাটতির কথাই সামনে আনলেন।
কার্ডিফে রোববার ম্যাচটি ৩-০ গোলে জিতে শিরোপার হাসিতে মৌসুম শুরু করেছে আর্সেনাল। রিকার্দো কালাফিওরি দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলটি করেন অধিনায়ক মার্টিন ওদেগোর।
দলের গোছানো পারফরম্যান্স সমর্থকদের মন ভরালেও, সামনের লম্বা মৌসুমের ভাবনায় আর্তেতা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। কারণটা আর কিছু নয়, দীর্ঘ মৌসুমের নানারকম চ্যালেঞ্জ।
স্কোয়াডের শক্তি বাড়ানোর পরিকল্পনা কয়েকদিন আগে একবার জানান কোচ আর্তেতা। সিটির বিপক্ষে জয়েও পরও তাই বললেন।
“আমরা জানি যে, কিছু পজিশনে চোটের ছোবলে আমরা দুর্বল হয়ে পড়েছি এবং জায়গাগুলো শক্তিশালী করতে হবে। আমরা সেটা করার চেষ্টা করছি এবং কয়েক সপ্তাহ ধরেই আমরা সেই চেষ্টায় আছি। যখন সঠিক সুযোগ আসবে, তখনই ক্লাব কাজটা করবে।”
চলতি গ্রীষ্মের দলবদলে ইতোমধ্যে মাঝমাঠে এক তারকা খেলোয়াড় যোগ করেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেড থেকে দলে ভিড়িয়েছে ব্রাজিলের ব্রুনো গিমারাইসকে।
চোটের কারণে উত্তর লন্ডনের ক্লাবটির এখন মূল সমস্যা রক্ষণে। বিশ্বকাপে চোট পাওয়ায় বেশ লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এছাড়া কুঁচকির সমস্যায় ভুগছেন ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার।
টিম্বারের চোট নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত মনে হলো না আর্তেতাকে। ম্যাচের পর পরিষ্কারভাবে তা তিনি জানালেনও।
“ইউরিয়েন ভালোভাবে সেরে উঠছে। সে মাঠেই আছে (কিছু অনুশীলন করছে), এখন আমরা তার অনুশীলনে তীব্রতা বাড়াব… আমার মনে হয়, সে সঠিক পথেই আছে, তবে এখনও কয়েক সপ্তাহ লাগবে।”
সালিবাকে নিয়ে অবশ্য কোনোরকম ইতিবাচক কথা শোনালেন না আর্তেতা।
“আমরা সবাই যেমনটা জানি, উইলোর চোট গুরুতর, (সেরে উঠতে) অনেক সময় লাগবে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি কী দাঁড়ায়। আগামী কয়েক সপ্তাহে তার দলের সঙ্গে অনুশীলন শুরু করা প্রয়োজন।”
আগামী শনিবার কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্সেনাল।