ভলিবল
Published : 27 Oct 2025, 07:49 PM
প্রথম সেট জিতে আশা জাগানিয়া শুরু। কিন্তু এরপর ছন্দ হারিয়ে কেবল পেছন পানেই ছুটল বাংলাদেশ! হেরে বসল টানা তিন সেট। টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ নিয়ে কাভা ভলিবল কাপের রাউন্ড রবিন লিগ শেষ করল দল।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে এই প্রতিযোগিতায় শুভসূচনা করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর নেপালের বিপক্ষে জিতেছিল ৩-২ সেটে। শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারানোর পর চতুর্থ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ৩-২ সেটে হারে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে হারে ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে গেল বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দল।
বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতলেও পয়েন্টের হিসেবে এগিয়ে থাকায় আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করল। ফাইনালে তারা মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের।
জমজমাট লড়াইয়ের পর ২৫-২৩ পয়েন্টে প্রথম সেট জিতে আফগানিস্তানকে চেপে ধরার সুযোগ পেয়েছিলেন হরসিত-রাতুলরা, কিন্তু পারেননি। দ্বিতীয় সেট ২৫-২০ ব্যবধানে জিতে সমতায় ফিরে আফগানিস্তান। ছন্দ ফিরে পেয়ে পরের দুই সেটও যথাক্রমে ২৫-২৩ ও ২৫-১৯ পয়েন্ট জিতে নেয় দলটি।