বাঁচা-মরার লড়াইয়ের আগে সেনেগালের বড় ধাক্কা
গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলরক্ষক এদুয়াঁ মঁদিকে পাচ্ছে না সেনেগাল।
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নামার আগে বড় ধাক্কা খেয়েছে সেনেগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরাকের বিপক্ষে গোলরক্ষক এদুয়াঁ মঁদিকে পাবে না আফ্রিকার দলটি।
হাঁটুর চোটে ম্যাচটি থেকে ৩৪ বছর বয়সী মঁদির ছিটকে যাওয়ার কথা বুধবার জানিয়েছে তার জাতীয় দল।
আসরে সেনেগালের দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে একটি সেভ করার চেষ্টায় চোট পান মঁদি। নরওয়ে ৩-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় ৬৩তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলে হারে সেনেগাল।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিজ্ঞ এই গোলরক্ষক লিগামেন্টের সমস্যায় ভুগছিলেন।
তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সেটা বুঝতে তার আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
সেনেগাল ও ইরাক, দুই দলই ‘আই’ গ্রুপে তাদের প্রথম দুই ম্যাচ হেরেছে। প্রথম দুই ম্যাচ জিতে নকআউটের টিকেট নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে।
সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে ইরাকের বিপক্ষে জিততে হবে সেনেগালকে। বাংলাদেশ সময় আগামী শুক্রবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
