১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শেষ সময়ের গোলে চেলসিকে আবার হারিয়ে ফাইনালে আর্সেনাল

আর্সেনালের বিপক্ষে চেলসির জয়হীন পথচলাও আরও দীর্ঘ হলো।

শেষ সময়ের গোলে চেলসিকে আবার হারিয়ে ফাইনালে আর্সেনাল
পাঁচ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল আর্সেনাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 04:21 AM

Updated : 26 Aug 2026, 02:51 PM

বল মাঠের এপাশ থেকে ওপাশ যাওয়া আসা করল; কিন্তু তাতে লড়াইয়ের উত্তেজনা মিলল যৎসামান্য। ম্যাড়মেড়ে ম্যাচের অন্তিম সময়ে গোল পেল আর্সেনাল। চেলসিকে ফের হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠল মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। একেবারে শেষ সময়ে গোলটি করেন কাই হাভার্টজ।

প্রথম লেগে ৩-২ গোলের জয় মিলিয়ে, ৪-২ অগ্রগামিতায় শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠল তারা।

গত ১৪ জানুয়ারি ওই প্রথম লেগে ঘরের মাঠে হারের পর, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জিতেছিল চেলসি। আর্সেনালের বিপক্ষে মাঠ নেমে আবার পথ হারিয়ে ফেলল তারা।

আর্সেনালের বিপক্ষে চেলসির জয়হীন পথচলা আরও দীর্ঘ হলো। এই নিয়ে টানা ১০ বারের মুখোমুখি লড়াইয়ে জিততে পারল না স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

মাঝমাঠ ও আক্রমণে বড় দুই শূন্যতা নিয়ে মাঠে নামে আর্সেনাল। চোটের কারণে এদিন স্কোয়াডেই ছিলেন না অধিনায়ক মার্টিন ওডেগোর ও তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা।

মাঠে দুই দলকেই বেশ ভুগতে দেখা যায়। প্রথমার্ধে কারো খেলাতেই তেমন তীব্রতা ছিল না। ১৮তম মিনিটে গোলের জন্য প্রথম শটেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্সেনাল; কিন্তু ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

গতিহীন ফুটবলের প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেয় চেলসি। এন্সো ফের্নান্দেসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটটি ঝাঁপিয়ে রুখে দেন কেপা আরিসাবালাগা।

বিরতির পর খেলায় কিছুটা গতি আসে। চেলসির আক্রমণের ধারও বাড়ে একটু। প্রতিপক্ষের রক্ষণকে বেশ চাপেও রাখে তারা; কিন্তু আরিসাবালাগাকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি দলটি।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা হয় ছয় মিনিট। কিন্তু কিছু চেলসি সমর্থককে আগেভাগে গ্যালারি ছাড়তে দেখা যায়।

দলটির রয়ে যাওয়া সমর্থকদের হতাশা বেড়ে যায় অন্তিম সময়ে। শেষ চেষ্টায় তাদের সব খেলোয়াড় আক্রমণে উঠে আসে, তাতে রক্ষণ হয়ে পড়ে উন্মুক্ত। সেই সুযোগে প্রতি-আক্রমণে উঠে, ডেক্লান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন জার্মান মিডফিল্ডার হাভার্টজ।

পাঁচ বছর পর প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল আর্সেনাল। সবশেষ তারা ফাইনাল খেলেছিল ২০২০ সালে এফএ কাপ। এমিরেটসে মিকেল আর্তেতার কোচিংয়ের সেটা ছিল প্রথম মৌসুম, সেবার শিরোপাও জিতেছিল তারা।

এবারের ফাইনালে আর্সেনাল খেলতে ম্যানচেস্টার সিটি কিংবা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।